মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানিয়েছেন, মিঠা পানির মাছের প্রায় ২৬০টি প্রজাতির মধ্যে ৫৪টি প্রজাতি বিপন্ন হিসেবে চিহ্নিত হয়েছে।আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।মন্ত্রী বলেন, বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট বিপন্ন প্রজাতির মধ্যে কৃত্রিম প্রজননের মাধ্যমে ছয় প্রজাতির কার্প ও ছয় প্রজাতির ক্যাটফিস মাছের পোনা উত্পাদনে সফলতা পেয়েছে। নতুন করে আরও বিপন্ন প্রজাতির মাছের পোনার উত্পাদনের কৌশল উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট।রাজশাহী সেচপ্রকল্পে ১১০০ কোটি টাকা: শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, উত্তরা রাজশাহী সেচপ্রকল্পে এক হাজার ১০০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন।প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। লিখিত জবাবে মন্ত্রী জানান, রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়নের লক্ষ্যে পদ্মা নদীর পানি ব্যবহার করে ‘উত্তর রাজশাহী সেচপ্রকল্প’ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১১০০ দশমিক ৫৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়সংবলিত এ প্রকল্প প্রণয়ন হয়েছে, যা অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।প্রস্তাবিত ছয় বছর মেয়াদি এ প্রকল্প অনুমোদিত হলে কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে জানান রমেশ চন্দ্র সেন।