নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর গাঙচিলের কিল্লার বাজার এলাকায় গত সোমবার পাঁচ জলদস্যুকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় স্থানীয় সাড়ে পাঁচ শ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চর গাঙচিলের গ্রামপুলিশ ছবিরুল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন।মামলার কথা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে জানান, মামলাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গণপিটুনিতে নিহত পাঁচ জলদস্যুর একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মো. মিস্টার (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লা মিস্ত্রির ছেলে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে বামনী নদীতে (জালছেঁড়া নদী) চর গাঙচিলের একদল জেলে নৌকা নিয়ে মাছ ধরার সময় ৮-১০ জনের একদল দস্যু ট্রলার নিয়ে নৌকাটিকে আক্রমণ করে। জেলেদের চিৎকারে কাছাকাছি থাকা অন্য নৌকাগুলোর জেলেরা এগিয়ে এলে কয়েকজন দস্যু ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে জেলে ও স্থানীয় লোকজন ধাওয়া করে পাঁচজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর উপকূলীয় কয়েকটি উপজেলার হাজার হাজার জেলে বিভিন্ন জলদস্যু বাহিনীর কাছে জিম্মি।