৫৫৩ এসআইয়ের পদোন্নতির তালিকা চূড়ান্ত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের মধ্যেই দেশের প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশের ৫৫৩ জন উপপরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার তালিকা গতকাল সোমবার চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তাঁদের পদোন্নতি দিয়ে থানায় থানায় নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি আতিকুল ইসলাম পদোন্নতির তালিকা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মামলা তদন্ত—এই দুই ভাগে থানাগুলোকে ভাগ করা হচ্ছে। এ জন্য ছয়টি মহানগর বাদে দেশের ৫৩৪টি থানায় পরিদর্শক পদে দুজন করে কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। এ দুই পরিদর্শকের একজন থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দায়িত্বসহ যাবতীয় কার্যক্রম তদারকি করবেন। অন্যজন মামলা পরিচালনা, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল, সাধারণ ডায়েরির (জিডি) বিষয়গুলো তদন্ত করাসহ মামলাসংক্রান্ত যাবতীয় বিষয় দেখবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজন পরিদর্শকের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যজন তাঁর অধীনে থেকে মামলা তদন্তের দায়িত্বে থাকবেন।এদিকে দুজন পরিদর্শক নিয়োগের পাশাপাশি থানায় সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত হলেও পরে তা স্থগিত করা হয়। পুলিশের কর্মকর্তারা জানান, নিম্নস্তরের কর্মকর্তারা এ ধরনের নিয়োগ পছন্দ করছেন না। তাঁরা থানার ব্যবস্থাপনা আগের মতো রাখতে চাইছেন।সূত্র জানায়, ৫ আগস্ট পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) এক বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সব থানায় ওসি পদে পরিদর্শকদের বদলে সহকারী পুলিশ সুপারদের নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা মহানগরের সব থানায় এবং পরে অন্যসব মহানগরে এ ব্যবস্থা কার্যকর করে। পরে জেলাগুলোতেও এএসপিদের নিয়োগ করা হবে। এ জন্য ঢাকা মহানগরের সব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে এএসপিদের নিয়োগ দেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশও দেওয়া হয়। কিন্তু আপত্তির মুখে পরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে সারা দেশের থানাগুলোতে ওসি পদে এএসপিদের নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়।