৫৬ পৌরসভায় সশস্ত্র বাহিনী ও ৫২টিতে বিজিবি মোতায়েন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে ২৪৩টি পৌরসভার মধ্যে ৫৬টিতে সশস্ত্র বাহিনী এবং ৫২টিতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) মোতায়েন করা হবে। বিভিন্ন বিবেচনায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এর বাইরে আরও কয়েকটি পৌরসভায় সেনাবাহিনী ও বিডিআর মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন থেকে ৫৬টি পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তারা ভোট গ্রহণের আগে-পরে চার দিন সংশ্লিষ্ট এলাকায় থাকবে।১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি ২৪৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরের কচুয়া এবং চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় একই সঙ্গে সেনাবাহিনী ও বিডিআর দায়িত্ব পালন করবে। কমিশন সূত্র জানায়, এই চার পৌরসভাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।যেসব পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, গতকাল তার তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে ৫২টি পৌরসভায় বিডিআর মোতায়েনের প্রয়োজনীয়তার বিষয়ে নির্বাচন কমিশনকে জানায়।৫৬টি পৌরসভায় কী বিবেচনায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে, জানতে চাইলে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, পৌরসভার আয়তন ও ঝুঁকি বিবেচনায় নিয়ে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর মধ্যে বেশির ভাগ পৌরসভায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ভৌগোলিক বিবেচনায় কয়েকটি পৌরসভায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েন করা হবে।রাজশাহী ও রংপুর বিভাগের যেসব পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন করা হবে, সেগুলো হলো: নাটোর জেলার নাটোর, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও গোপালপুর; চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ; সিরাজগঞ্জের কাজীপুর ও শাহজাদপুর; বগুড়া জেলার বগুড়া ও শেরপুর; পাবনা জেলার পাবনা, সুজানগর ও ঈশ্বরদী। এসব পৌরসভায় আগামী ১০ জানুয়ারি সকাল ছয়টা থেকে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।খুলনা ও বরিশাল বিভাগের যেসব পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, সেগুলো হলো: মেহেরপুর জেলার মেহেরপুর ও গাংনী; চুয়াডাঙ্গার আলমডাঙ্গা; যশোর জেলার যশোর, কেশবপুর ও নওয়াপাড়া; ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ; কুষ্টিয়ার মিরপুর ও খোকসা; বাগেরহাটের মোরেলগঞ্জ (নৌবাহিনী), ভোলা জেলার ভোলা ও লালমোহন (সেনা ও কোস্টগার্ড); পটুয়াখালী জেলার পটুয়াখালী ও কলাপাড়া; বরিশালের মুলাদী (কোস্টগার্ড) এবং বরগুনার পাথরঘাটা (কোস্টগার্ড ও নৌবাহিনী)। এসব পৌরসভায় ১১ জানুয়ারি সকাল ছয়টা থেকে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।ঢাকা বিভাগের যেসব পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন করা হবে, সেগুলো হলো: টাঙ্গাইলের কালিহাতী; ময়মনসিংহ; ঢাকার সাভার ও ধামরাই; নরসিংদী জেলার নরসিংদী, মাধবদী ও মনোহরদী; গাজীপুরের কালিয়াকৈর; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ ও ভৈরব। এসব পৌরসভায় ১৫ জানুয়ারি সকাল ছয়টা থেকে ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।সিলেট ও চট্টগ্রাম বিভাগের যেসব পৌরসভায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে, সেগুলো হলো: হবিগঞ্জ; নোয়াখালী জেলার নোয়াখালী ও হাতিয়া (কোস্টগার্ড ও নৌবাহিনী), কবিরহাট ও বসুরহাট; কুমিল্লার বরুড়া; চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়া; লক্ষ্মীপুর; ফেনীর পরশুরাম এবং চট্টগ্রামের রাউজান, সন্দ্বীপ (নৌবাহিনী) ও রাঙ্গুনিয়া। এসব এলাকায় ১৬ জানুয়ারি সকাল ছয়টা থেকে ১৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে ৫২টি পৌরসভায় নির্বাচনের আগে-পরে চার দিন এক প্লাটুন (৩০ জন) করে বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে ওই ৫২টি পৌরসভার তালিকা দেওয়া হয়।ওই ৫২টি পৌরসভা হলো: পঞ্চগড়; লালমনিরহাট জেলার লালমনিরহাট ও পাটগ্রাম; ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও, রানীশংকৈল ও পীরগঞ্জ; নীলফামারী জেলার নীলফামারী, জলঢাকা ও সৈয়দপুর; রংপুরের হারাগাছ; কুড়িগ্রাম; গাইবান্ধা জেলার গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ; দিনাজপুরের হাকিমপুর; রাজশাহীর ভবানীগঞ্জ, তাহেরপুর, গোদাগাড়ী, তানোর, কেশরহাট ও চারঘাট; জয়পুরহাট; যশোরের মনিরামপুর; সাতক্ষীরার কলারোয়া; খুলনার পাইকগাছা; বাগেরহাট জেলার বাগেরহাট ও মংলা; কিশোরগঞ্জের করিমগঞ্জ; সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুর; নোয়াখালীর সেনবাগ ও চৌমুহনী; কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম; চাঁদপুরের ছেংগারচর ও কচুয়া; ব্রাহ্মণবাড়িয়া; ফেনী জেলার ফেনী ও সোনাগাজী; চট্টগ্রামের বারইয়ারহাট, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী; খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা; বান্দরবান জেলার বান্দরবান ও লামা এবং রাঙামাটি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে আরও জানানো হয়, নির্বাচনে যেসব ব্যক্তি গোলযোগ সৃষ্টি করতে পারে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। নির্বাচনের আগেই এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাস্তান, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং এর সরবরাহকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশে ও দেশের বাইরে আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা যাতে নির্বাচন সামনে রেখে ফিরে আসতে না পারে, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।