৫৬ ‘সন্ত্রাসী’র তালিকা, ৪০ জনই বিএনপির
ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে ৫৬ জনের একটি তালিকা করেছে একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংস্থাটি তালিকায় থাকা এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে। তবে গতকাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনে এমন কোনো নির্দেশনা পাঠানো হয়নি। তালিকাভুক্ত ৫৬ জনের প্রায় ৪০ জন বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক। লালমোহন উপজেলার তিনজন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মী। তজুমদ্দিন উপজেলার তিনজন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তালিকায় দুই উপজেলার প্রতিটিরই সমানসংখ্যক ২৮ জন করে নাম আছে। ১৯ এপ্রিল গোয়েন্দা সংস্থাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এই তালিকা পাঠায়।স্থানীয় সূত্রগুলো জানায়, তালিকায় থাকা কয়েকজনের বিরুদ্ধে গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এলাকায় ব্যাপক সন্ত্রাস, নির্যাতন করার অভিযোগ আছে। কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগ আছে।তালিকায় লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক ও তজুমদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের নাম আছে। বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চাচাতো ভাই মার্শাল হিমুর নামও আছে এতে। জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে যারা নির্বাচন বানচাল করতে পারে, সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে মনে করা হয়েছে তাদের তালিকা করা হয়েছে এবং গ্রেপ্তারের সুপারিশ করা হয়েছে।ভোলার লালমোহন ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও খান মো. এরফান গত রাতে প্রথম আলোকে জানিয়েছেন, তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তালিকা পাননি।লালমোহনের একজন বিএনপির নেতা নাম প্রকাশ না করার শর্তে এই তালিকায় থাকা কয়েকজনের বিরুদ্ধে গত জোট সরকারের আমলে নানা অভিযোগ ছিল বলে স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে এঁরা তেমন কিছু করেননি।তালিকায় নাম থাকা লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র এনায়েত কবির প্রথম আলোকে বলেন, ‘আমি ১৮ বছর ধরে লালমোহন পৌরসভার চেয়ারম্যান। কী সন্ত্রাসী করেছি জানি না। ওনারা (সরকার) আমাকে সন্ত্রাসী বানিয়েছে, আমি কী বলব? এই তালিকা নিয়ে রাজনীতি করা হয়েছে।’তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘তালিকায় থাকা প্রায় সবই আমাদের নেতা-কর্মী। এই তালিকায় থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করা হলে বিএনপির মধ্যে আতঙ্ক ছড়াবে এবং ভোটের পরিবেশ নষ্ট হবে।’লালমোহনে ২২ জনই বিএনপির: তালিকাভুক্ত ২৮ জনের মধ্যে অন্তত ২২ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মী। এঁদের মধ্যে আছেন উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপির প্রার্থীর ভাই মার্শাল হিমু। জোট সরকারের আমলে হিমুর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, টেন্ডারবাজির ব্যাপক অভিযোগ ছিল।লালমোহন পৌরসভার মেয়র এনায়েত কবির উপজেলা বিএনপির আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ আছে। তবে সরাসরি জড়িত থাকার অভিযোগ নেই। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার ও পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেনের বিরুদ্ধেও জোট সরকারের আমলে টেন্ডারবাজি ও সন্ত্রাসের অভিযোগ আছে।তালিকায় আরও আছে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন দিদার, ইউনিয়ন সদস্য মো. আজাদ, ফরাশগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মৃধা (বর্তমানে কারাগারে), উপজেলা ছাত্রদলের সদস্য শিবলু, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ মেম্বার, সদস্য মোশাররফ হোসেন, পূর্ব চরউমেদ যুবদলের সদস্য মিজান মেম্বার, নুরুন্নবী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন মিয়া, সদস্য মো. হাফেজ, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য আজিজ মাতবর, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুম, লালমোহন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শাহজালাল দুলাল, চাচরা ইউনিয়ন বিএনপির সদস্য ফজলুল করিম, ইউনিয়ন যুবদলের সদস্য সোহাগ, ছাত্রদলের সদস্য মেহের, বদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম পারভেজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য কবির হোসেনের নাম।আওয়ামী লীগের যারা: তালিকায় নাম এসেছে পূর্ব চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর মাস্টার, কালমা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবুল গাজী ও লালমোহন পৌর যুবলীগের নেতা জাকির পঞ্চায়েতের। বাবুলের বিরুদ্ধে ২০০৪ সালে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ওপর হামলার অভিযোগ আছে। সম্প্রতি তিনি যুবদল থেকে যুবলীগে যোগ দিয়েছেন।তালিকার বাকি তিনজন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ গ্রামের আবদুল বাছেদ (পিতা সামছুল হক), রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ গ্রামের ফরিদ (পিতা সৈয়দ মাস্টার) ও একই ইউনিয়নের কামাল হোসেন (পিতা শাজাহান মাস্টার)। এঁদের দলীয় পরিচয় জানা যায়নি।তজুমদ্দিনে তালিকার বেশির ভাগ বিএনপির: এই উপজেলার ২৮ জনের মধ্যে অন্তত ১৮ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এঁদের মধ্যে আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাগর মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন ভুট্টো, সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাহীন প্রমুখ।তালিকায় থাকা চাঁদপুর ইউনিয়ন বিএনপির কর্মী জাহাঙ্গীর হোসেন, যুবদলের নেতা মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। পূর্ব চাঁদপুরের বিএনপির কর্মী ফরিদ হোসেনের বিরুদ্ধে বিগত জোট সরকারের আমলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির অভিযোগ আছে। একই ইউনিয়নের কাজিকান্দি গ্রামের যুবদলের নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জোট সরকারের আমলে বিচার, সালিসে প্রভাব বিস্তার করাসহ নানা অভিযোগ আছে। চাঁদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্বাস যুবদলের ক্যাডার হিসেবেই পরিচিত। উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন ভুট্টো এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ আছে। সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের বিএনপির কর্মী কালা ‘ডাকাত’ জোট সরকারের সময়ে এলাকায় ব্যাপক সন্ত্রাস ও একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে।সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শাহীনের বিরুদ্ধে এলাকায় তেমন কোনো অভিযোগ নেই। সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের বিএনপির কর্মী মো. নাছিমের বিরুদ্ধে ২০০১ সালে এলাকায় নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। গত বছর এলাকায় সালিসে এই অপরাধে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের যুবদলের নেতা বাবলু হাওলাদার ও ছাত্রদলের নেতা বেল্লাল হোসেন, ছাত্রদলের কর্মী মো. সেলিম ও যুবদলের কর্মী মো. আলমগীরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে সন্ত্রাস করার অভিযোগ আছে।তালিকায় থাকা চাঁদপুর ইউনিয়নের ভাইয়ারনার চৌকিদারবাড়ির কামাল ছাত্রদল নেতা, চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নূর ইসলাম যুবদলের কর্মী, তজুমদ্দিন পৌরসভার যুবদলের নেতা ওয়ার্ডের ফারুক হোসেন মিয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এঁদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।জামায়াতের তিন: তালিকায় নাম আসা চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ মাদ্রাসার শিক্ষক ওজি উল্লাহ্ মেম্বার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। কাজিকান্দি গ্রামের একই নামের এক ব্যক্তির উল্লেখ আছে তালিকায়। তিনিও জামায়াত করেন। শশীগঞ্জ একই গ্রামের মো. সেলামত হোসেনও জামায়াতপন্থী হিসেবে পরিচিত।কয়েকজনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ: তালিকায় থাকা সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইয়াছিনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ আছে। একই ইউনিয়নের উত্তর চাপড়ী গ্রামের ইয়াছিন ‘ডাকাত’, আমির ‘ডাকাত’ ও দুলাল ‘ডাকাত’-এর বিরুদ্ধেও একই অভিযোগ। এঁরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।পূর্ব চাঁদপুরের মোহাম্মদ উল্লাহ্, কাজিকান্দি গ্রামের মো. স্বপন ও মো. শাহীনের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।