৫৬টি আবাসন প্রকল্পের বিজ্ঞাপন ও মাটি ভরাট বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত অননুমোদিত প্রকল্পে মাটি ভরাটের কাজও বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এসব প্রকল্পের কার্যক্রম পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত মঙ্গলবার বিচারপতি ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়ে রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।বেলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিট আবেদনে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এবং ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) অন্তর্ভুক্ত এলাকায় অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন ও মাটি ভরাট বন্ধে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের ব্যর্থতা তুলে ধরা হয়। এই রিট ভূমিসচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এবং তথ্যসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রিহ্যাব ও বিএলডিএর সভাপতিকে বিবাদী করা হয়।আবেদনে বলা হয়, অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের জন্য প্রচারিত সব বিজ্ঞাপন ও বন্যাপ্রবাহ এলাকা, পুকুর-জলাশয় ভরাট সম্পূর্ণ আইনবিরোধী। কিন্তু বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে অননুমোদিত প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করছে এবং বন্যাপ্রবাহ এলাকা, জলাশয় ভরাট অব্যাহত রেখেছে। এ অবস্থায় ৫৬টি অননুমোদিত প্রকল্প এবং ৪১৮টি মৌজার মাটি ভরাট বন্ধ করার আবেদন করা হয়।বাদীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন ফিদা এম কামাল এবং তাঁকে সহযোগিতা করেন বেলার মো. ইকবাল কবীর। বিবাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা হাইকোর্টের নির্দেশ সম্পর্কে প্রথম আলোকে বলেন, রাজউক সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ৫৬টি আবাসন প্রকল্পের বিষয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে মাটি ভরাটের কাজ চললে, রাজউক অবশ্যই এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তিনি বলেন, মহানগরের বিষদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নের উদ্দেশ্যও হচ্ছে, আইনকানুনগুলো আরও গতিশীল এবং বাস্তবভিত্তিক করা। রিয়েল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রতি আমরা অবশ্যই সম্মান প্রদর্শন করব এবং অননুমোদিত প্রকল্প বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রিহ্যাবের অবস্থানও হবে আইনের পক্ষে।’ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করা হলে ক্রেতার স্বার্থরক্ষায় বড় ধরনের কাজ হবে। কারণ, বিজ্ঞাপন প্রচার ছাড়া অনুমোদনহীন প্রকল্পের মালিক বা কোম্পানিগুলো তা বিক্রি করতে পারে না। তিনি বলেন, ‘জলাধার রক্ষায় সংবাদমাধ্যমগুলো বরাবরই ভালো ভূমিকা পালন করেছে এবং আমাদের সহায়তা করেছে। এবারও তাই করবে বলে আমরা বিশ্বাস করি।’