৫৭ শতাংশ মানুষ দুদক আইনের সংশোধনী সমর্থন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৫৭ মানুষ মন্ত্রিপরিষদ কর্তৃক দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর প্রস্তাবিত সংশোধনী সমর্থন করে না। জরিপের ৯৭ শতাংশ মানুষ মনে করে, দুর্নীতি প্রতিরোধে স্বাধীন ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রয়োজন।এ ছাড়া দুদকসংক্রান্ত চারটি আইনের ক্ষেত্রে সরকারের প্রস্তাবিত সংশোধনীও সমর্থন করছে না জনগণ। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল মন্ত্রিসভা দুদক আইন ২০০৪-এর সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জনমত জরিপ প্রকাশ’ থেকে এসব তথ্য উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।সাতটি বিভাগের ২৯টি জেলা ও সাতটি উপজেলার তিন হাজার ৯৯৮ জনের মধ্যে এই জরিপকাজ পরিচালনা করা হয়। জরিপে সরকারি কর্মকর্তা, চিকিত্সক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা, বেসরকারি সংস্থা, ছাত্র, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সাক্ষাত্কার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।দুদক আইন ২০০৪-এর সংশোধনীতে প্রধান চারটি প্রস্তাব নিয়ে ১ থেকে ৫ জুলাই এ জরিপ চালানো হয়। প্রস্তাবগুলো হলো: ক) সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে গেলে দুদককে সরকারের অনুমতি নিতে হবে; খ) দুদকের সচিব নিয়োগ দেবে সরকার; গ) দুদক রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করবে এবং ঘ) উদ্দেশ্যমূলকভাবে দুর্নীতির মামলা করা হলে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে।প্রকাশিত ফলাফলে চারটি প্রস্তাবেই ৫৭ শতাংশ উত্তরদাতা সরকারকে সমর্থন দেয়নি।সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে গেলে দুদককে সরকারের অনুমতি নিতে হবে—এ প্রস্তাবে ৭৩ শতাংশ মানুষই এটি সমর্থন করেনি।দুদকের সচিব নিয়োগ দেবে সরকার—এ ক্ষেত্রে ৭১ শতাংশ বিপক্ষে তাদের মত দিয়েছে। এই দুটি প্রস্তাবের বিপক্ষে সরকারি কর্মকর্তারা যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ মতামত দিয়েছেন। দুদককে শক্তিশালীকরণে বর্তমান সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে তিন-চতুর্থাংশ উত্তরদাতা।এর মধ্যে সরকারি কর্মকর্তা ৫৫ শতাংশ, পেশাজীবী ৮০ শতাংশ, রাজনৈতিক নেতা-কর্মী ৭১ শতাংশ, বেসরকারি কর্মকর্তা ৮২ শতাংশ এবং অন্যান্য উত্তরদাতাদের সংখ্যা ৭৯ শতাংশ।সরকারের সার্বিক কার্যক্রম বিবেচনায় এখন পর্যন্ত দুর্নীতি প্রতিরোধে সরকার মোটেই সফল হয়নি বলেছে ৩৮ শতাংশ। আর সফল নয় বলেছে ৪৮ শতাংশ উত্তরদাতা। পুরো জরিপের মাত্র ৩৪ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা প্রধান চারটি প্রস্তাবের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।টিআইবির সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, স্বাধীন দুদক প্রতিষ্ঠা করতে সরকারকে এ প্রস্তাবিত সংশোধনী অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে—জনমত জরিপের ফলাফলে এটাই প্রমাণিত হয়েছে। এই সংশোধনী প্রস্তাব গৃহীত হলে দুদক আর স্বাধীন থাকবে না। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে সংসদে বিস্তারিত আলোচনা করে অগ্রসর হওয়ার উচিত বলে মন্তব্য করেন তিনি।সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, দেশের মানুষ হয়রানির ভয়ে এমনিতেই মামলা করতে চায় না। এর পর প্রস্তাবিত ‘উদ্দেশ্যমূলকভাবে দুর্নীতির মামলা করা হলে পাঁচ বছরের কারাদণ্ড’ বিধানটি সাধারণ মানুষকে আরও আস্থাহীন করে তুলবে। এ বিধানের কারণে মিথ্যা তো পরের কথা সত্য অভিযোগগুলোই কেউ করতে সাহস পাবে না।সংশোধনী প্রস্তাবের বিরুদ্ধে জনমত জরিপের আগে দেশব্যাপী মানববন্ধন ও স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করেছে টিআইবি। এ ছাড়া মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত দুদক আইনের সংশোধনী পুনর্বিবেচনার দাবিতে এরই মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং জাতীয় সংসদের সদস্যদের কাছে টিআইবির অবস্থানসংবলিত ১৩ দফার একটি কার্যপত্র পাঠানো হয়েছে।