৫৭টি সিএনজি ফিলিং স্টেশন চালু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রপাতি স্থাপন ও সব প্রস্তুতি সম্পন্ন হলেও কেবল গ্যাস-সংযোগের অভাবে ৫৭টি বেসরকারি সিএনজি ফিলিং স্টেশন চালু হচ্ছে না। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এসব সিএনজি ফিলিং স্টেশনের মালিকেরা।সিএনজি স্টেশন-মালিকদের সংগঠন বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন করলেও এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি।২০০৯ সালের ২১ জুলাই জ্বালানি মন্ত্রণালয়ের এক স্মারকে নতুন গ্যাস-সংযোগ প্রদান স্থগিত ও শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। স্মারকে বলা হয়, দৈনিক উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট না হওয়া পর্যন্ত ইতিমধ্যে দেওয়া প্রতিশ্রুতি ছাড়া নতুন এলাকায় নতুনভাবে গ্যাস-সংযোগ বন্ধ রাখা হবে।সিএনজি স্টেশন-মালিকদের সূত্র জানায়, প্রতিশ্রুত প্রতিষ্ঠানগুলোতে গ্যাস-সংযোগ দেওয়ার কথা বলা হলেও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা ওই স্মারকের মৌখিক অপব্যাখ্যা দিচ্ছেন। তাঁরা বলছেন, সব ধরনের সংযোগের জন্য ঘোষণাটি প্রযোজ্য। এ কারণে বারবার অনুরোধ করা সত্ত্বেও এই ৫৭টি সিএনজি স্টেশনে গ্যাস-সংযোগ দেওয়া হয়নি।ওই সিএনজি স্টেশন-মালিকেরা অভিযোগ করেন, ওই স্মারক জারির পর থেকে এখন পর্যন্ত গোপনে তিতাস গ্যাস কোম্পানি ৫২টি সিএনজি স্টেশনসহ ৬১৯টি শিল্প ও বাণিজ্যিক সংযোগ দিয়েছে। তা ছাড়া সম্প্রতি বাখরাবাদ গ্যাস সিস্টেমস লি. চাঁদপুরে এসব স্টেশনের সমপর্যায়ভুক্ত একটি সিএনজি স্টেশনকে গোপনে গ্যাস-সংযোগ দিয়েছে। কিন্তু তাঁরা যোগাযোগ করলে জানানো হয়, অনুরূপ গ্যাস-সংযোগ বন্ধ আছে।স্টেশন-মালিকেরা জানান, এই ৫৭টি স্টেশনে গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, পেট্রোবাংলাসহ সরকারের বিভিন্ন সংস্থায় আবেদন ও স্মারকলিপি দিয়েছে। এ নিয়ে আলোচনাও করেছে। তবে এখনো এসব স্টেশনে গ্যাস-সংযোগ দেওয়া হয়নি।স্টেশনগুলোর মালিকেরা বলেছেন, তাঁদের স্টেশনগুলোতে সংযোগ দিলে অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হবে না। কারণ, রাস্তায় এখন যেসব সিএনজিচালিত যানবাহন চলাচল করে, সেগুলোই এসব স্টেশনের গ্রাহক হবে। তাঁরা জানান, একটি সিএনজি স্টেশন স্থাপন দুই থেকে তিন বছরের প্রক্রিয়া। সংশ্লিষ্ট গ্যাস কোম্পানি থেকে শুরু করে সরকারি ১৬-১৭টি প্রতিষ্ঠানের অনাপত্তি ও অনুমোদন নিতে হয়। সবকিছু করেও গ্যাস-সংযোগ মিলছে না।স্টেশন-মালিকেরা জানান, এসব সিএনজি স্টেশন স্থাপনে তাঁরা ব্যক্তিগত অর্থ ও ব্যাংক ঋণ মিলিয়ে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এগুলো চালু না হলে এই বিনিয়োগ নিয়ে তাঁরা বিপাকে পড়বেন। কারণ, ঋণের পুঞ্জীভূত সুদসহ কিস্তি আদায়ের জন্য ইতিমধ্যে স্টেশন-মালিকদের বিরুদ্ধে ব্যাংকগুলো মামলার প্রক্রিয়া শুরু করেছে। অথচ এসব স্টেশন চালু হলে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে।