৫৮-এর জ্বালা জুড়াল
সাকিবের ওয়াইড বলটা মুশফিকুর রহিমের দুই পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যেতেই পুরো মাঠে এমন একটা হাহুতাশের ধ্বনি উঠল, যেন বাংলাদেশ ম্যাচ হেরে গেছে!অথচ তখন যা পরিস্থিতি, তাতে ক্রিকেটের মহান অনিশ্চয়তারও সাধ্য নেই বাংলাদেশকে এই ম্যাচে হারায়! তা হলে ওই ওয়াইডে হাজার দশেক দর্শকের দীর্ঘশ্বাস স্টেডিয়ামের বাতাস এমন ভারী করে তুলল কেন? ৫৮ রে ভাই, ৫৮!কিছু কিছু সংখ্যা আছে, যা শুধুই সংখ্যা না থেকে একটা গল্প হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটে ৫৮-ও এমনই একটা গল্প। লজ্জা, অপমান, নিদারুণ আশাভঙ্গের করুণ গল্প। বিশ্বকাপের রঙে রঙিন পুরো দেশকে কালো চাদরে ঢেকে দিয়েছিল ওই ৫৮। মিরপুর স্টেডিয়ামে ৪ মার্চের ওই অভিশপ্ত বিকেল একটা জাতির স্বপ্নকে যেভাবে দুমড়েমুচড়ে দিয়েছিল, তার তুলনা ক্রিকেট ইতিহাসেই খুব বেশি নেই। ৫৮-তে জড়িয়ে অনেক কান্না। অনেক বিনিদ্র রাতের যন্ত্রণা। একটু কি প্রলেপ পড়ল তাতে?ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বড় পরাজয়ের পর এই ম্যাচে যেনতেন একটা জয়েই খুশি থাকত বাংলাদেশ। ম্যাচের ঘণ্টা খানেক পার হতে না হতেই সেই জয় একরকম নিশ্চিত হয়ে যাওয়ার পর পাখির চোখ হয়ে গেল ওই ৫৮। ওয়েস্ট ইন্ডিজ আমাদের ৫৮ রানে অলআউট করে দিয়েছিল, আজ আমরা ওদের এর চেয়েও কম রানে গুঁড়িয়ে দেব।তা প্রায় হয়েও গিয়েছিল। সাকিবের ওই ওয়াইডটির আগে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৫৭। ওয়াইডে ১ রান, ব্যাটসম্যানরা দৌড়ে নিলেন ৩। ৫৮ পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ! কী আফসোস! কী আফসোস!! এক বল পর সাকিবই শেষ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৫৮-এর জবাব ৬১!বছর দুয়েক আগে এই মাঠেই জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। ওয়ানডের অযোগ্য টার্নিং উইকেটে সেই ৪৪-ই বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রান। এর পরই এই ৬১। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রান—এটি বোধহয় আর না বললেও চলছে। আগের সর্বনিম্ন ২০০৯ সালে ডমিনিকায় ১৯৪।জিম্বাবুয়ের বিপক্ষে আড়াআড়ি টার্ন করা ওই উইকেট ছিল না কাল। তবে ভালোই টার্ন ছিল। আগের প্রায় তিন দিন উইকেট ঘোমটার নিচে থাকায় শুরুতে ছিল আর্দ্রতাও। সেটি অবশ্য এমন আনপ্লেয়েবল কিছু নয় যে, ৬১ রানে অলআউট হয়ে যেতে হবে। কিন্তু ক্রিকেট যে কখনো কখনো খুব খেয়ালি হয়ে ওঠে। মিরপুরের যে উইকেটে বাংলাদেশ ৫৮ রানে শেষ হয়ে গিয়েছিল, সেটিতেই বা এমন কী জুজু ছিল!এমন অব্যাখ্যনীয় দিনের একটা ‘ব্যাখ্যা’ আছে ইংরেজিতে: ‘ওয়ান অব দৌজ ডেজ।’ এমন কিছু দিন আসে, যখন ভুতুড়ে কিছু ঘটে যায়। মিরপুরে যেমন ২ উইকেটে ২৫ থেকে ৫৮-তে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। কাল যেমন ১ উইকেটে ৩৩ থেকে দেখতে না দেখতেই ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৫৬!ক্রিকেটে এমন ভুতুড়ে দিন আসে। তাই বলে এত কম ব্যবধানে দুটি! ওই ৫৮-এর পর এই সফরেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম দেখা। ওয়ানডে যদি আলাদা করে নেন, মাঝখানে দুটি ম্যাচ পরই এই মধুর প্রতিশোধ! সেটি কি সবচেয়ে বেশি মধুর লাগছে সাকিব আল হাসানের কাছে?ওই ৫৮-এর ঝড় তো তাঁর ওপর দিয়েই বেশি গিয়েছিল। তখন তিনি অধিনায়ক। ওই ম্যাচের পর প্রথম আলোতে লেখা কলামে চারপাশ থেকে ধেয়ে আসা সমালোচনার জবাব দিয়ে ঘৃতাহুতি দিয়েছিলেন আগুনে। ‘প্রতিশোধ’ শব্দটা যদি ব্যবহারই করেন, সেটির নেতৃত্বেও সাকিব। ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ। তার পরও কি কোথাও একটু অতৃপ্তির খচখচানি আছে? ৫৮-এর কমে ওয়েস্ট ইন্ডিজকে শেষ করে দিতে পারলে কি তৃপ্তিটা পরিপূর্ণ হতো? সংবাদ সম্মেলন থেকে ফিরে যাওয়ার পথে প্রশ্নটা শুনে সাকিব হাসেন, ‘হয়েই তো যাচ্ছিল। আমিই রান একটু বেশি দিয়ে ফেলেছি!’রান ‘বেশি’ দিয়ে ফেলেছেন! এ কথা বলে আইনস্টাইনকে মনে করিয়ে দিলেন সাকিব। ৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট। কিন্তু এই জগতে যে সবই আপেক্ষিক। কালকের দিনে ওভারপ্রতি ৩.২০ রানই যেমন ‘বেশি’।এই সিরিজের শুরু থেকে ‘৫৮’ নিয়ে প্রশ্ন শুনতে শুনতে এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের খেলোয়াড়দের কাছে। আবদুর রাজ্জাক সেই বিরক্তি প্রকাশও করেছেন। তবে কাল মাঠে ঠিকই সেই ‘৫৮’-কে অনুপ্রেরণা বানিয়েছে বাংলাদেশ দল। সাকিব বললেন, ‘৪ উইকেট পড়ার পর আমিই প্রথম সবাইকে বলি, আজ ওদের ৫৮-এর কমে অলআউট করব।’ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে ৩৪ বানিয়েছেন নাসির, পরপর দুই বলে উইকেট নিয়ে। এর মধ্যে প্রথম উইকেটটি স্বপ্নের এক বলে। লেগ স্টাম্পে পিচ করা বল টার্ন করে লাগল অফ স্টাম্পে। এমন অসাধারণ এক বল, অথচ নাসিরের প্রথম আন্তর্জাতিক উইকেটের উদ্যাপনটা হলো খুব কুৎসিত। ক্রিকেটে শুধু ব্যাটিং-বোলিং নয়, ভব্যতাও আছে। সেই সীমারেখা বোধহয় অতিক্রমই করে ফেলেছেন নাসির। এমন আনন্দের দিনে ওটুকুই এক ফোঁটা ‘গো-চনা’।৬১-তেই বাংলাদেশ যা পাওয়ার পেয়ে গিয়েছিল। ম্যাচ জয়টা ছিল শুধু আনুষ্ঠানিকতা। হ্যাঁ, ভয় একটা ছিল। সকাল থেকেই মুখ গোমড়া করে রাখা আকাশ আর ৩ নম্বর বিপৎসংকেতে বৃষ্টি-বৃষ্টি একটা আবহ। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে—এই ভয় সঙ্গী করেই আধঘণ্টা দেরিতে ম্যাচ শুরু। আর জহুর আহমেদ স্টেডিয়ামের নিষ্কাশন-ব্যবস্থা এমনই আদ্যিকালের যে, মিনিট দশেকের বৃষ্টিই এখানে ম্যাচের অপমৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট।বাংলাদেশের ২০ ওভারের ইনিংসটি জুড়েই সঙ্গী এই অস্বস্তি। শেষ পর্যন্ত বৃষ্টি ঠিকই নামল। তবে পুরস্কার বিতরণীর সময়। ঝিরিঝিরি সেই বৃষ্টিকে তখন মনে হচ্ছে পুষ্পবৃষ্টি!ওয়েস্ট ইন্ডিজ: ২২ ওভারে ৬১বাংলাদেশ: ২০ ওভারে ৬২/২ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী