৫৮ দিন অনুপস্থিত থাকার পর বিদায় নিলেন কুষ্টিয়ার এসপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পর গতকাল শনিবার বিদায় সংবর্ধনা নিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) একরামুল হাবীব। গত ১২ মে থেকে রহস্যজনকভাবে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর এ অনুপস্থিতি নিয়ে নানা জল্পনাকল্পনা সৃষ্টি হয়। তবে একরামুল হাবীব এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ৭ জুলাই কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীবকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিনকে। নতুন পুলিশ সুপার আজকালের মধ্যে যোগদান করতে পারেন। পুলিশের বিভিন্ন সূত্র জানায়, গত ১২ মে বেলা একটার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে মহড়া দেন। পুলিশ সুপার তাঁদের গ্রেপ্তারের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত রাজনৈতিক চাপে গ্রেপ্তার করতে পারেননি। তাই রাগে ও ক্ষোভে তিনি ছুটি নিয়ে ঢাকায় চলে যান। তবে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী এ অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ সুপারকে কোনো ধরনের রাজনৈতিক চাপ দেওয়া হয়নি। সূত্র জানায়, নতুন পুলিশ সুপার যোগদান করবেন—এ খবর পেয়ে গতকাল অনেকটা চুপিসারেই বিদায় সংবর্ধনা নিলেন একরামুল হাবীব। কুষ্টিয়া পুলিশ লাইনে তাঁর এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তবে কুষ্টিয়া এসেও গণমাধ্যমের কর্মীদের এড়িয়ে যান তিনি। নিজের দীর্ঘ অনুপস্থিতি নিয়েও কোনো কথা বলতে চাননি। জানা যায়, গত ১২ মে বেলা দুইটার পর সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কর্মস্থল ত্যাগ করে ঢাকা চলে যান একরামুল হাবীব। পরে তিনি চিত্তবিনোদনের কথা বলে ছুটি নেন। এভাবে কয়েক দফায় তাঁর ছুটি বাড়ানো হয়। তবে সন্ত্রাসকবলিত কুষ্টিয়া জেলায় পুলিশ সুপার এভাবে ছুটি নেওয়ায় এলাকার লোকজন হতবাক হন। পুলিশ সুপার ছাড়াই ছয় উপজেলার ইউপি নির্বাচন সম্পন্ন হয়। একরামুল হাবীবের ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণে পুলিশ সুপার ছুটিতে ছিলেন। তাঁর স্থলে নতুন কর্মকর্তা দেওয়া হয়েছে।