৫৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের উখিয়া ও রাজধানীর উত্তরা থেকে পৃথক অভিযানে মোট ৫৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুই অভিযানে গ্রেপ্তার হয়েছেন তিনজন।এর মধ্যে পাজেরো গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানার পুলিশ। আর উত্তরা থেকে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক সাংসদ ছাত্রলীগের এক নেতার বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার শহরে ফিরছিলেন। এ সময় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাঁর নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। সাংসদকে বহনকারী গাড়ি কোটবাজার চৌধুরীপাড়ার বটতলী রাস্তার মাথা এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি নীল রঙের পাজেরো পুলিশের গাড়ি অতিক্রম করে সাংসদের গাড়ির পেছনে চলে আসে। এ সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ওই গাড়ি তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।গতকাল শুক্রবার ওই পাজেরো গাড়ির মালিক টেকনাফ উপজেলার মহেশখালীপাড়া গ্রামের কবির আহমদ ও তাঁর ছেলে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন খবরের ভিত্তিতে র্যাব-১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার ৪ নম্বর সেক্টরের চাইলিং চায়নিজ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আবদুস শাকুর মাহমুদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগে ছোট ছোট পলিথিনের মোড়কে মাদক হিসেবে ব্যবহূত ১৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। এগুলোর ওজন এক কেজি ৮০০ গ্রাম হওয়ায় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারের বাইরে চলে যায়। ম্যাজিস্ট্রেট পাশা এ বিষয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক হেলালউদ্দীন ভূঁইয়া বাদী হয়ে এ ব্যাপারে উত্তরা থানায় মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর শাকুর জানিয়েছেন, ইয়াবাগুলো তিনি কক্সবাজারের টেকনাফ থেকে আনিয়েছেন। শাকুর মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। বড় মাপের খুচরা বিক্রেতারাই তাঁর কাছ থেকে মাদকদ্রব্য কেনেন। তিনি ঢাকার তিনজন মাদক ব্যবসায়ীর জন্য এ চালান এনেছিলেন। এ তিনজনের একজন ১০ হাজার, একজন ছয় হাজার আর একজন দুই হাজার ইয়াবা সরবরাহের আদেশ দিয়েছিলেন।কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকুর জানিয়েছেন, মিয়ানমার থেকে চোরাইপথে ইয়াবাগুলো আনা হয়েছে। এ জন্য হুন্ডির মাধ্যমে অগ্রিম অর্থ পাঠানো হয়। প্রতিটি ইয়াবা তিনি ১৩৫ টাকা করে কিনেছেন। ঢাকায় প্রতিটি পাইকারি বিক্রি করেন ১৪৫ টাকায়। এগুলো উন্নতমানের ‘চম্পা’ ব্র্যান্ডের ইয়াবা। তিনি বৃহস্পতিবারই চট্টগ্রাম থেকে ট্রেনে ঢাকায় আসেন। ওই রাতেই ইয়াবাগুলো ব্যবসায়ীদের কাছে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এর আগেই তিনি ধরা পড়েন।হেলালউদ্দীন ভূঁইয়া জানান, শাকুরকে গতকাল আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত আজ শনিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাকুরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।