৫৮২ কোটি টাকার এনসিটি পাঁচ বছরেও চালু হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) নির্মাণকাজ শেষ হয়েছে পৌনে পাঁচ বছর আগে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৮২ কোটি টাকা। কিন্তু এত দিনেও এটিকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। বন্দর-সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদীয় কমিটির নানা পরামর্শ আর নৌপরিবহন মন্ত্রণালয়ের বারবার হস্তক্ষেপ এ টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগে জটিলতা তৈরি করেছে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সর্বশেষ গত বৃহস্পতিবার এ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টার্মিনালটি চালু না হওয়ায় দেশের পোশাকশিল্পসহ পুরো রপ্তানি খাত বিপদের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।সূত্রমতে, এনসিটি বেসরকারি অপারেটর পরিচালনা করলে যন্ত্রপাতি বসানো বাবদ বিনিয়োগ করতে হবে এক হাজার ১০০ কোটি টাকা। ২০ বছর টার্মিনালটি বেসরকারি অপারেটর পরিচালনা করলে অপারেটরের সম্ভাব্য আয় হবে ১১ হাজার ২২০ কোটি টাকা। এই আয় থেকে বন্দর পাবে সাড়ে ছয় হাজার কোটি টাকা। ফলে এনসিটিকে কেন্দ্র করে বিশাল অঙ্কের টাকার হাতছানি। এ কারণে কোনো এক পক্ষ আর্থিক সুবিধা নিতে চাইছে বলে অভিযোগ আছে। নানা বিতর্কের মধ্যে গত বৃহস্পতিবার এনসিটি অপারেটর নিয়োগের চলমান দরপত্র-প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি নতুন করে দরপত্র দলিল প্রণয়ন করে প্রক্রিয়া শুরুর সুপারিশ করেছে। এই সুপারিশ মানা হলে টার্মিনাল চালুর ক্ষেত্রে আরও অনিশ্চয়তার সৃষ্টি হবে বলে মনে করেন বন্দর বিশেষজ্ঞরা। এনসিটিতে কনটেইনার ওঠানো-নামানোর যত ক্ষমতা আছে, চট্টগ্রাম ও মংলা বন্দরের জেটি-টার্মিনাল মিলিয়েও তত ক্ষমতা নেই। এনসিটি চালু না হওয়ায় উদ্বেগ বেশি পোশাকশিল্পসহ রপ্তানি খাতের ব্যবসায়ীদের। আবার প্রতিবছর বন্দরে কনটেইনার পরিবহনের হার বাড়ছে ১০-১২ শতাংশ করে। এ হিসাবে তিন বছর পর বন্দরের ২০ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হবে। এনসিটি চালু হওয়ার পর জেনারেল কার্গো বার্থ-জিসিবি টার্মিনালের পুরোনো জেটি ভেঙে নতুন টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা আছে বন্দরের। জিসিবি ভাঙা শুরু হলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা কমে যাবে। তখন ১৭ লাখ একক কনটেইনার ওঠানো-নামানোয় সীমিত থাকবে বন্দর। একই সময়ে বাড়তি তিন-চার লাখ কনটেইনার ওঠানো-নামানোর মতো জেটি নেই বন্দরের। এ বাড়তি কনটেইনার কীভাবে সামাল দেওয়া হবে, সেটি নিয়ে উদ্বেগ আছে পোশাকশিল্পসহ রপ্তানি খাতের সংশ্লিষ্টদের। কারণ, তৈরি পোশাকের পুরোটাই রপ্তানি হয় কনটেইনারে। আবার বিদেশ থেকে কাঁচামাল আমদানি হয় সেই কনটেইনারে। তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, টাকার হিসাবে তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধি ১৫ শতাংশ। যদি ১০ শতাংশও প্রবৃদ্ধি ধরি, তা হলে কনটেইনারে করে কাঁচামাল আমদানি ও রপ্তানি বাড়ার হার সামাল দিতে আগামী তিন বছর পর আরও একটি টার্মিনাল চালু করতে হবে। কিন্তু পৌনে পাঁচ বছর আগে নির্মিত টার্মিনাল যেখানে চালু হচ্ছে না, সেখানে নতুন টার্মিনাল করার নিশ্চয়তা কোথায়! বন্দরের সাবেক বোর্ড সদস্য হাদী হোসেন মনে করেন, নতুন করে দরপত্র দলিল প্রণয়ন করতে অনেক সময় লাগবে। কারণ, এই টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র দলিল প্রণয়ন করে চূড়ান্ত করতে সময় লেগেছে সাড়ে সাত বছর। এখন নতুন করে দলিল প্রণয়ন না করে প্রথম দরপত্র দলিলের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠান থেকে অপারেটর নিয়োগ হলে খুব দ্রুত টার্মিনালটি চালু করা সম্ভব। সেদিকে যেতে চাইছে না নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি নতুন করে দরপত্র দলিল প্রণয়ন করে দরপত্র-প্রক্রিয়া শুরু করার সুপারিশ করেছে। কমিটির সভাপতি নূর এ আলম চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় চাইলে তিন মাসে দরপত্র দলিল প্রণয়ন সম্ভব। সম্পূর্ণ তৈরি দলিলের ভিত্তিতে দরপত্র আহ্বান করলে সমস্যা কী? এমন প্রশ্নে তিনি বলেন, আগেরটিতে মাশুল নিয়ে আইনগত সমস্যা ছিল। তা হলে এই সরকারের আমলে কি এনসিটি চালু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন সরকারের সময় চালু হয়, সেটি গুরুত্বপূর্ণ নয়। এই বড় টার্মিনালে অপারেটর নিয়োগে একবার ভুল করলে ১৫-২০ বছর জটিলতা থাকবে।