৫৯ চিকিৎসকের স্থলে আছে ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর স্বাস্থ্যসেবা ব্যবস্থার অবস্থা বেহাল। জেলার আড়াই শ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট চরমে। অন্যদিকে সহকারী সার্জন পদে নিয়োগ পাওয়া ৪৭ জন চিকিৎসকের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) বসার ব্যবস্থা করা হয়নি। এতে তাঁরা সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতে পারছেন না।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ১৬ জন। সহকারী পরিচালক, সিনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে অ্যানেসথেটিস্টের পদ ছাড়া বাকি নয়টি পদ শূন্য। শূন্যপদগুলো হচ্ছে সার্জারি, মেডিসিন, ইএনটি, শিশু, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, কার্ডিওলজি ও অর্থোপেডিক বিভাগের। জুনিয়র কনসালটেন্টের ১১টি পদ থাকলেও কর্মরত আছেন ছয়জন। রেডিওলজিস্ট, প্যাথলজি, কার্ডিওলজি, চর্ম ও যৌন এবং অ্যানেসথেটিস্টের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এ ছাড়া আবাসিক ফিজিসিয়ান, আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার তিনটি পদই শূন্য রয়েছে। রেডিওলজিস্ট ও প্যাথলজিস্টের একটি করে ও অ্যানেসথেসিস্টের তিনটি পদ শূন্য রয়েছে। অপরদিকে চিকিৎসা কর্মকর্তার ১০টি পদের মধ্যে ছয়টি পদ, সহকারী রেজিস্ট্রারের ১১টি পদের মধ্যে আটটি পদ ও জরুরি চিকিৎসা কর্মকর্তার চারটি পদ ছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসা কর্মকর্তা ও সেবা-তত্ত্বাবধায়কের দুটি পদ শূন্য রয়েছে। পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম সামছুল আলম বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের সংকট চরমে। রোগীদের চিকিৎসাসেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন।অন্যদিকে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাডহক (নন ক্যাডার) ভিত্তিতে পটুয়াখালীতে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া ৪৭ জন চিকিৎসকের কর্মস্থল নির্ধারণ করা হয় পরিবার পরিকল্পনা দপ্তরের নিয়ন্ত্রণাধীন এফডব্লিউসিতে। কিন্তু সেখানে বসার কোনো ব্যবস্থা না থাকায় শুরুতেই তাঁরা বিপাকে পড়েছেন। চিকিৎসক জামান বলেন, তাঁর কর্মস্থল নির্ধারণ করা হয় দুমকির মুরাদিয়া ইউনিয়নে এফডব্লিউসিতে। কিন্তু সেখানে তাঁর বসার কোনো ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় তাঁকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তাঁর জন্য ইউপি কমপ্লেক্সে একটি কক্ষ বরাদ্দ দিতেও রাজি হয়েছেন ইউপি চেয়ারম্যান। কিন্তু এফডব্লিউসিতে বসতে পারলে রোগীরা সেখান থেকে ওষুধ নিতে পারতেন। ইউপি কমপ্লেক্সে বসলে রোগীদের সেই সুযোগ থাকছে না। তাই রোগীরা শুধু ব্যবস্থাপত্রের জন্য তাঁর কাছে আসতে আগ্রহ বোধ করছেন না। এ ব্যাপারে পটুয়াখালী পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, ইউনিয়ন পর্যায়ে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের এফডব্লিউসিতে বসার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের কাছে কোনো ধরনের নির্দেশনা আসেনি। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় ২২৬টি চিকিৎসকের পদ থাকলেও ১৩৫টি পদই শূন্য রয়েছে। পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন চন্দ্র রায় জানান, বর্তমানে চিকিৎসকের সংকট প্রকট। ইউনিয়ন পর্যায়ে নিয়োগ করা চিকিৎসকদের এফডব্লিউসি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।