সাকিব-মাহমুদউল্লাহর নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ২৪৭/৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটিং আইডিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বাংলাদেশকে ৬ উইকেটে ২৪৭ রানের সম্মানজনক সংগ্রহে নিয়ে গেছে। অথচ আজকের ম্যাচের শুরুটা কিন্তু আশাজাগানিয়া ছিল না। মাত্র ১০ রানে ইমরুল কায়েস ও ১৫ রানে আশরাফুলকে হারিয়ে শুরুটা বিপর্যয়করই ছিল বাংলাদেশের। এরপর দলীয় ৬০ রানে তামিম ইকবাল আউট হয়ে গেলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা কিছুটা ফিকে হয়ে যায়। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় দুর্ভাগ্যের শিকার হন রকিবুল হাসান। ব্যক্তিগত ২৮ রানে যুবরাজ সিংয়ের বলে এমন একটি রান আউটের শিকার হন, যার কোনো কিছুই রকিবুলের হাতে ছিল না। যুবরাজের বলে সাকিবের একটি ড্রাইভ যুবরাজের হাতে লেগে নন স্ট্রাইকিং এন্ডের স্ট্যাম্প ভেঙে দেয়। এ সময় রকিবুল হাসান ছিলেন ক্রিজের বাইরে। এরপর মুশফিকুর রহিমও রকিবুলের পথ ধরলে বাংলাদেশ তখন ৯৫/৫। এই অবস্থা থেকে বাকি সময় মোটামুটি একটি সম্মানজনক অবস্থায় পৌঁছাতে বাংলাদেশের কোনো একজন ব্যাটসম্যানকে অতিমানবীয় ধরনের কাছাকাছি ব্যাট করতে হতো। সেই দায়িত্ব কিছুটা হলেও নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে তাঁর এই বীরত্বের সঙ্গী ছিলেন ইদানিং বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা মাহমুদউল্লাহ। সাকিবের ইনিংসটি অতিমানবীয় বললে ‘মানব’ সাকিবেরই অপমান হয়। চমত্কার ধীর-স্থিরভাবে একটি সুন্দর খুনে ব্যাটিংয়ের নমুনা উপভোগ করে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হাজার পনেরো উত্সাহী দর্শক। প্রাণভরে তারা উপভোগ করে সাকিবের ব্যাটিং। মাহমুদউল্লাহ খেলেন ৬৪ রানের ইনিংস। সাকিব আল হাসানের সংগ্রহ ছিল ৮৫। নেহরার বলে ভুল স্কুপ করে মহেন্দ্র ধোনির হাতে ক্যাচ না হলে তাঁর নিজের ও বাংলাদেশের স্কোর আরও বড় হতে পারতো। শেষ দিকে ‘ছক্কা নাঈম’ ১৪ বলে ২২ রান করে বাংলাদেশের স্কোরকে নিয়ে যান একটি চ্যালেঞ্জিং সংগ্রহে।ভারতের পক্ষে আশীষ নেহরা ৫৮ রান দিয়ে নেন ২ উইকেট। আর তিয়াগি ও যুবরাজ ১টি করে উইকেট পান।এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ভারত করেছে ৩২ রান। গম্ভীর ১২ বলে ১১ ও কার্তিক ১১ বলে ১৬ রানে ব্যাট করছেন।