ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের, ২৯৬/৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার শিশিরের কথা ভুলে যাননি সাকিব। জানেন পরে বল করতে বোলারদের অনেক অসুবিধা এই পরিবেশে। কিন্তু ভারতের বিপক্ষে একটি বড় সংগ্রহের দিকেই দৃষ্টি নিবদ্ধ ছিল বাংলাদেশ দলের। এরপর শিশির বা এ জাতীয় কিছু নিয়ে ভাবা যেতে পারে। টসে জিতে ব্যাটিং নিয়ে সাকিব সেই পথেই হাঁটলেন। গোটা বাংলাদেশ হাঁটল সাকিবের সিদ্ধান্তের সমর্থনে। প্রথমে তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং শেষ দিকে মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে পৌঁছে দিল ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহের দিকে—৬ উইকেটে ২৯৬। ভারতের মতো ব্যাটিং লাইন-আপকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এ রান য়থেষ্ট কি না, তা সময়ের হাতেই তোলা থাকল।ইনিংসের শুরু থেকেই ভারতের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম সবচেয়ে বেশি নির্দয় ছিলেন পেসার জহির খানের প্রতি। একসময় ধৈর্য হারিয়ে জহির বচসাতেও জড়িয়ে পড়েছিলেন তামিমের সঙ্গে। কিন্তু তামিম জহিরের সেই বচসার জবাব দিয়েছেন ৪ আর ৬ মেরে। জহিরের সঙ্গে সঙ্গে ভারতের অন্য খেলোয়াড়েরাও হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলেন, নয়তো ইমরুল কায়েসের একটি সহজ হাই ক্যাচ ফেলে দেবেন কেন হরভজন সিং? এত বড় একটি জীবন পেয়ে ইমরুল সদ্ব্যবহার করতে একেবারেই ভুল করেননি। ৭০ রানের অনবদ্য এক ইনিংসে আইসিএল-ফেরত শাহরিয়ার নাফিসের বদলে দলে তাঁর অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তামিম ইকবাল অন্য প্রান্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হাজার তিরিশেক দর্শককে মাতোয়ারা করে রাখেন তাঁর ক্ষুরধার ক্রিকেট শটগুলো দিয়ে। ৬০ রানে গৌতম গম্ভীরের হাতে ধরা পড়ে একটি দুর্দান্ত ইনিংসের সমাপ্তি হয় শ্রীশান্তের বলে। উদ্বোধনী জুটিতে রান ওঠে ৮০। ইমরুল কায়েসের সঙ্গে এরপর আর একটি জুটি গড়ে ওঠে আশরাফুলের সমন্বয়ে। এই জুটির সংগ্রহ ছিল ৬৮ রান। এরপর সুন্দর একটি প্লাটফর্মের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা কেবল খেলে যান ধৈর্য নিয়ে একটি সুন্দর ও চ্যালেঞ্জিং সংগ্রহের লক্ষ্যে। আশরাফুল ২৯ রানে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হওয়ার পর অধিনায়ক সাকিব এক দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। এ সময় মুশফিকুর রহিম ও রকিবুল হাসান চেষ্টা চালান একটি পার্টনারশিপ গড়ার। আর মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহ উইকেটে এসে আবার প্রমাণ করেন তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন কান্ডারি। মাত্র ৪৫ বলে ৬০ রান করে বাংলাদেশকে নিয়ে যান একটি চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে, যেখান থেকে জয়ের স্বপ্নই দেখা যায়। মাহমুদউল্লাহর পাশাপাশি রকিবুল হাসান ৩২ রান করেন। ভারতের পক্ষে সেরা বোলার ছিলেন যুবরাজ সিং। তিনি ৩৩ রানে নেন ১টি উইকেট। শ্রীশান্ত ১টি উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে, রান দেন ৫৪। আর জহির খান ৪৩ রানের বিনিময়ে ছিলেন উইকেট শূন্য। হরভজন ৫৬ রানে নেন ১টি উইকেট।শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৪ ওভারে এক উইকেটে সংগ্রহ করেছে ৩২ রান। গম্ভীর ১২ রান ও ভিরাট কোহলি ১ রান নিয়ে ব্যাট করছেন। আউট হওয়ার আগে শেবাগ করেছেন ১৩ রান। রাজ্জাক তাকে রান আউট করেছেন।