ষাটোর্ধ্ব রঙ্গবালা ভৌমিক মধুমতী নদীর তীরে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে হা-হুতাশ করছিলেন। এ প্রতিনিধিকে তিনি বলেন, ‘ওই যে, নদীর মাঝে ওইখানে বাড়ি ছিল। নয়বার আমার ভিটেকোটা এই নদী ভাঙিছে। এহন আমি সর্বহারা হইছি। জমিজোমা এট্টুও নাই। এহন কোন জাগা যাইয়ে দাঁড়াব?’রঙ্গবালার মতো নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া নৌবন্দর বাজার এলাকার ৫১টি পরিবারের বসতভিটা চলতি বর্ষা মৌসুমে নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে ২৬টি পরিবার বাজারের গরুর হাটের ছাউনিতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ ছাউনিও যেকোনো সময় নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বড়দিয়ার ভাঙন অব্যাহত রয়েছে। বড়দিয়া ছাড়াও কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের ১১ ও ঘাঘা গ্রামের পাঁচটি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। কোটাকোল ইউনিয়নের মতো এ উপজেলার জয়পুর ইউনিয়নের ৭৮টি, ইতনা ইউনিয়নের ৮৩টি, শালনগর ইউনিয়নের ৪২টি, লোহাগড়া ইউনিয়নের ৩৪টি ও মল্লিকপুর ইউনিয়নের আটটি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের ৫১টি, চরআড়িয়ারার ১৫টি, আমডাঙ্গার সাতটি, আস্তাইলের পাঁচটি; ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের ৪৩টি, ডিগ্রিরচরের ৩৪টি, চরসুচাইলের ছয়টি; শালনগর ইউনিয়নের চাকসি গ্রামের ১৮টি, কাশিপুরের ছয়টি, শিয়রবরের আটটি, মাকড়াইলের তিনটি, রামকান্তপুরের চারটি, মণ্ডলভাগের দুইটি, চরশালনগরের একটি; লোহাগড়া ইউনিয়নের কামঠানায় ১০টি, তেঁতুলিয়ায় ১২টি, ছাগলছিঁড়ায় ১২টি এবং মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের আটটি পরবারের বসতভিটা চলতি বর্ষায় নদীগর্ভে চলে গেছে।নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. হাবিবুর রহমান, পাউবোর ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আবদুল মান্নান, যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিদ মোল্লা, নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভাঙনকবলিত গ্রামগুলো পরিদর্শন করেছেন।নদীভাঙনে গত কয়েক বছরে এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার সর্বস্ব হারিয়েছে। বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। এসব গ্রামের স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার-ঘাট, দোকানপাট, সড়ক, সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনা, গাছপালা ও ফসলি জমি একের পর এক নদীতে বিলীন হচ্ছে। জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শরিফুল আলম বলেন, ভাঙনের কারণে গ্রামগুলোর ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হচ্ছে। ফলে প্রশাসনিক জটিলতায়ও পড়তে হচ্ছে। শালনগর ইউনিয়নের চাকসি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. মসিয়ার রহমান বলেন, ‘মধুমতী ভাঙছে। সেই সঙ্গে আমরা পিছাচ্ছি। আমার প্রায় ১৫০ একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। বসতভিটা পাঁচবার নদীতে গেছে। এখন স্থায়ী বাড়ি বানাচ্ছি না। জমিজমা সব শেষ হয়ে এখন আমি নিঃস্ব।’ এ গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এনায়েত খাঁ বলেন, ‘দুটি পাকা ঘর কয় দিন আগে রাতে নদীতে চলে গেছে। নিজেদের জীবন কোনো রকম বাঁচাতে পেরেছি। তিনবার বসতভিটা নদীতে ভেঙেছে। ফসলি জমি সব নদীগর্ভে। এখন আমি পথের ফকির।’ এনায়েত খাঁর স্ত্রী সুরাইয়া বেগম বলেন, ‘ভাঙনের পাশেই ছাবড়া পাতে বসবাস করছি। এহেনে রান্দে খাওয়ার জাগা নাই। মেয়েদের বারভিতরে (টয়লেটে) যাওয়ার জাগা নাই। ফাঁকা জাগা সিয়ানা মাইয়েগের নিয়ে থাকতি ভয় লাগছে।’ শালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম কাজী বলেন, এ ইউনিয়নের ২২টি গ্রামের মধ্যে নয়টি গ্রামের অস্তিত্ব বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত রয়েছে। জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের কামরুল ইসলাম ভুঁইয়া জানান, কয়েক দিন আগে এক সপ্তাহর ব্যবধানে এ গ্রামের ৫১টি পরিবারের বসতভিটা, গাছপালা নদীতে ভেঙে গেছে। কয়েক বছর ধরে গ্রামটি ভাঙছে। এখন এ গ্রামের অস্তিত্ব নেই। অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এ গ্রামের মানুষ। ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামের খলিল খালাসি জানান, তাঁর বাড়িসহ চার দিনের মধ্যে এ গ্রামের ৪৩টি বসতবাড়ি মধুমতীতে বিলীন হয়েছে। ভাঙছে গাছপালা ও ফসলি জমি। আকস্মিক ভাঙনে হতভম্ব এসব পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অন্য মানুষেরাও আতঙ্কে আছেন। মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, লোহাগড়া-ইতনা সড়কের মঙ্গলহাটা অংশ নদীতে ভেঙে যাওয়ায় মল্লিকপুর, ইতনা ও কোটাকোল ইউনিয়নের ২৫টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে বেশ অসুবিধা পোহাচ্ছে। এখানের ভাঙন রোধে নদীর গতিপথ পরিবর্তন করতে ২০০৮ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড সাতটি স্পার নির্মাণ করে। ১০টি স্পার নির্মাণের পরিকল্পনা ছিল। অন্য তিনটি স্পার এখনো নির্মিত না হওয়ায় ভাঙন অব্যাহত আছে। শালনগর ইউনিয়নের শিয়রবর বাজার বণিক সমিতির সভাপতি মো. ফারুক কাজী জানান, ঐতিহ্যবাহী শিয়রবর বাজারটি তিনবার ভাঙনের কবলে পড়ে। ফলে বাণিজ্যিক ও সামাজিক গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা নদীতে বিলীন হয়েছে। তার পরও বাজারে পাকা স্থাপনা তৈরি হয়েছে। এখন আবার বাজারের দিকে ভাঙন এগোচ্ছে। কালিয়া উপজেলার সীমান্তবর্তী কোটাকোল ইউনিয়নের বড়দিয়া নৌবন্দর বাজার বণিক সমিতির সভাপতি খান আবদুল মতিন বলেন, ‘বড়দিয়া বাজারটি এখনো পাট, টিন ও ভুসি মালের জন্য এ অঞ্চলের বৃহত্তম মোকাম। নদীভাঙনের কবলে পড়ে তা এখন শ্রীহীন। ভাঙন কালিয়া উপজেলার চোরখালী গ্রামের দিকে এগোচ্ছে। তাই হুমকির মুখে পড়েছে এই বাজারের ৪১৫টি দোকান, বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশের দ্বিতীয় বৃহত্তম ও শতাব্দী প্রাচীন শ্রী শ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠসহ বিভিন্ন বাণিজ্যিক ও সামাজিক গুরুত্বপূর্ণ স্থাপনা।’ বড়দিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘আমার বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় একই অঙ্গনে অবস্থিত। নদী মাত্র ১০০ গজ দূরে। ভেঙে গেলে কালিয়া উপজেলার জায়গায় যাওয়া ছাড়া বিদ্যালয় স্থাপনের জায়গা নেই। ফলে প্রশাসনিক জটিলতায় পড়তে হবে।’ লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘এখন এ উপজেলার ছয়টি ইউনিয়নের ২১টি গ্রাম মধুমতী নদীর ভাঙনের কবলে। ৩১২টি পরিবারের বসতবাড়ি কয়েক দিনের মধ্যে বিলীন হয়েছে। এ ছাড়া সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামজিক স্থাপনা ও ফসলি জমি নদীতে ভেঙেছে। ভাঙনকবলিত অধিকাংশ গ্রাম আমি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।’ নড়াইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, বড়দিয়া নৌবন্দর বাজার রক্ষার্থে এ বছর এক কোটি ১৬ লাখ টাকার সিসি ব্লক ফেলার কাজ করা হয়েছে। এর পূর্বপাশে ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে। মল্লিকপুর ইউনিয়নের ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করে মহাপরিচালকের দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য এলাকাগুলোর ব্যাপারে শুকনো মৌসুমে কী করা যায়, দেখা যাবে।