৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ কর্মসূচি হেফাজতে ইসলামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইসলামবিদ্বেষী ব্লগারদের অপতৎপরতা বন্ধ এবং তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার’ দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এ দাবিতে কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনসহ আলেম-ওলামাদের সমন্বয়ে গঠিত সংগঠনটি আগামী ৬ এপ্রিল সব জেলা থেকে ঢাকামুখী লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লংমার্চে বাধা দেওয়া হলে পরদিন থেকে লাগাতার হরতালেরও হুমকি দেওয়া হয়। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার (দারুল উলুম মঈনুল ইসলাম) মিলনায়তনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে লংমার্চসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহ্্মদ শফী। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সম্মেলনে প্রায় অর্ধশত আলেম বক্তব্য দেন। এতে দেশের কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক প্রধান দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও বিভিন্ন এলাকা থেকে যাওয়া কয়েক হাজার আলেম অংশ নেন। কর্মসূচি: সম্মেলনে বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশের সব মসজিদে ফজরের নামাজে নিয়মিত ‘কুনুতে নাজেলা’সহ বিশেষ দোয়া পড়া এবং মসজিদের খতিবদের নিজ অবস্থান থেকে ইসলামবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ধারাবাহিক কর্মসূচি হিসেবে ১২ মার্চ সব উপজেলা সদরে মানববন্ধন, ১৫ মার্চ সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ২২ মার্চ রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের নিয়ত করে নফল রোজা রাখা ও বাদ জুমা সব মসজিদ চত্বরে এক ঘণ্টা অবস্থান নিয়ে রাসুল (সা.)-এর মহত্ত্ব নিয়ে আলোচনা এবং ২৫ মার্চ সব উপজেলা সদর ঘেরাও করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।দাবি: ওলামা-মাশায়েখ সম্মেলনে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন ও কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা, শাহবাগ আন্দোলনে নেতৃত্বদানকারী ‘নাস্তিক ব্লগারদের’ শাস্তি, আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, ‘গণহত্যা’ বন্ধ করা, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সব মসজিদের প্রতিবন্ধকতা অপসারণ ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা, আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করা, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং ইসলামবিরোধী নারীনীতি ও শিক্ষানীতি বাতিল করাসহ ১৫টি দাবি জানানো হয়।সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা আহ্মদ শফী আলেমদের উদ্দেশ করে বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে আমি বিনীতভাবে অনুরোধ করব, মহান আল্লাহ, রাসুল (সা.) ইসলামের বিধান ও প্রতীকসমূহের ওপর কাফের-মুশরিক, ইহুদি-নাসারা ও তাদের দোসরদের যেকোনো আক্রমণ মোকাবিলায় আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থেকে কোরআন-হাদিসের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করুন।’ আহ্মদ শফী বলেন, গত কয়েক দিন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সরকারের একাধিক মন্ত্রী-সাংসদ শাহবাগ মঞ্চের নেতৃত্বদানকারীদের অন্যতম ব্লগার রাজীব হায়দারের ইসলাম অবমাননামূলক লেখা সম্পর্কে মিথ্যাচার করেছেন। অথচ ‘নাস্তিক’ ব্লগারদের বিরুদ্ধে ইসলাম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আদালত অবমাননার কারণে হাইকোর্টে একটি রিট করা হয়। হাইকোর্ট প্রথমে ব্লগগুলো স্থায়ীভাবে বন্ধে সরকারের প্রতি রুল জারি করেন। এরপর ২০১২ সালের ২১ মার্চ ওয়েবসাইট ও ব্লগগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু সরকারের ভেতরকার কোনো প্রভাবশালী মহলের বাধার কারণে আইনশৃঙ্খলা বাহিনী এসব ব্লগ ও ব্লগারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।সম্মেলনে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা মুহিব্বুল্লাহ, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আবদুল হালিম বোখারী, ঈমান ও দেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, নেজামে ইসলাম পার্টি (একাংশের) সভাপতি ইজহারুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী, মুফতি আমিনীর ছেলে ও খেলাফতে ইসলামীর আমির আবুল হাসানাত আমিনী প্রমুখ।