৬ এপ্রিল থেকে যুক্তরাজ্যের ভিসা ফির হার বাড়ছে
আগামী ৬ এপ্রিল থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের ফি বাড়ছে। বিভিন্ন ভিসা ফি সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ হারে বাড়বে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্রিটিশ হাইকমিশন জানায়, নিয়মিতভাবে ভিসা ফি পর্যালোচনা করে তা যুক্তরাজ্যের পার্লামেন্টের অনুমোদন নেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বল্পতম অবস্থানের জন্য ভিসা ফি ৬৭ পাউন্ড থেকে বেড়ে ৬৮ পাউন্ড, প্রথম স্তরের ক্ষেত্রে (সাধারণ, বিনিয়োগকারী, শিল্প উদ্যোক্তা) ৬৭৫ পাউন্ড থেকে ৬৯০ পাউন্ড, দ্বিতীয় স্তর (দক্ষ পেশাজীবী) ২৬৫ থেকে বেড়ে ২৭০ পাউন্ড, পাঁচ বছরের মাল্টিপল ভিসার জন্য ৪০০ থেকে ৪২০ পাউন্ড ও ১০ বছরের মাল্টিপল ভিসার জন্য ৫০০ থেকে বেড়ে ৬১০ পাউন্ড করা হয়েছে। ছাত্র অর্থাত্ চতুর্থ স্তরের ভিসা ফির হার ১৪৫ পাউন্ড থেকে বেড়ে ১৯৯ পাউন্ড ও সেটেলম্যান্ট ভিসার হার ৫৮৫ থেকে বেড়ে ৬৪৪ পাউন্ড হয়েছে। এ ছাড়া নতুন চালু করা নির্ভরশীল আত্মীয়স্বজনের ভিসা ফির হার নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৮০ পাউন্ড।