৬ কিমির জন্য ৩ লাখ মানুষের দুর্ভোগ
রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার-মীরগঞ্জ সড়কের সাড়ে ছয় কিলোমিটার অংশ দীর্ঘ দিনেও পাকা হয়নি। ফলে বর্ষায় কাদাপানি আর শুকনো মৌসুমে ধুলাবালিতে এ পথে চলাচলকারী লোকজনকে নাজুক দশায় পড়তে হয়। পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলার তিন লক্ষাধিক মানুষ এ দুর্ভোগ পোহাচ্ছে। কান্দি মাঝিপাড়া স্লুুইস গেট থেকে সুন্দরগঞ্জের দহবন্দ পর্যন্ত এ সড়কে যাতায়াত করতে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। এলাকাবাসী জানায়, উপজেলার চৌধুরানী বাজার থেকে কান্দি ইউনিয়নের মধ্য দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার সড়কটি একটি জনগুরুত্ব্বপূর্ণ সড়ক। সড়কটি পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলাকে রংপুর ও গাইবান্ধা জেলা শহরের সঙ্গে যুক্ত করেছে। সড়কটির চৌধুরানী বাজার থেকে কান্দি মাঝিপাড়া স্লুুইস গেট পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার অংশ ২০০৫ সালে পাকা করা হয়েছে। কিন্তু দীর্ঘ দিনেও বাকি সাড়ে ছয় কিলোমিটার পাকা না হওয়ায় এ অংশে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে। কান্দি মাঝিপাড়া গ্রামের মিজানুর রহমান জানান, বর্ষায় কাদাপানি আর শুকনায় ধুলাবালি। এ অবস্থায় যাতায়াত করা কতটা কষ্টের তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। কান্দি বাজারের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব খান বলেন, সড়কটির সাড়ে ছয় কিলোমিটার পাকা না হওয়ায় দুই উপজেলাসহ রংপুর ও গাইবান্ধা জেলা শহরের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। তা ছাড়া যাতায়াতের সমস্যার জন্য এলাকাটি উন্নয়ন থেকেও বঞ্চিত হচ্ছে। মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী সত্য সাহা বলেন, সড়কটির ওই ভাঙা অংশটুকুর জন্য মীরগঞ্জ বাজার-চৌধুরানী বাজার সড়কের ১২ কিলোমিটারের পরিবর্তে বামনডাঙ্গা হয়ে ২৪ কিলোমিটার বেশি ঘুরে সুন্দরগঞ্জ-চৌধুরানী-রংপুর যাতায়াত করতে হয়। চৌধুরানী-মীরগঞ্জ সড়কটির ওই অংশটুকু পাকা হলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে তেমনি নানা রকম সাশ্রয়ও হবে। সুন্দরগঞ্জ কারিগরি কলেজের শিক্ষক মুকুল মিয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ এ রাস্তাটির বাকি অংশ পাকা না হওয়ায় এখন এটা আমাদের কাছে মহা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ কান্দিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম মিজানুর রহমান বলেন, সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে জনসাধারণসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যায়। বর্ষাকালে সংকট আরও বাড়ে। তাই ওই সময় বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে যায়। কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, সড়কটির বাকি সাড়ে ছয় কিলোমিটার অংশ পাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, সড়কের বাকি অংশ পাকা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ওই অংশটুকু পাকা করা হবে।