ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা আগামী ৬ জুলাই তিন দিনের সফরে ঢাকায় আসছেন। তাঁর এ সফর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতিরই অংশ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এস এম কৃষ্ণার ঢাকা অবস্থানের সময় মনমোহনের সফরসূচি সম্পর্কে আভাস পাওয়া যাবে।ভারতের পার্লামেন্ট লোকসভার বর্ষাকালীন অধিবেশন শেষে মনমোহন সিংয়ের বাংলাদেশে আসার কথা রয়েছে। লোকসভার ওই অধিবেশন জুলাইয়ের মাঝামাঝি শুরু হয়ে মধ্য আগস্ট পর্যন্ত চলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ১২ জুন ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় আগামী ৬ জুলাই এস এম কৃষ্ণার ঢাকা সফরে আসতে চান। ভারতের আনুষ্ঠানিক প্রস্তাবটিতে জানানো হয়, তিনি তিন দিনের জন্য বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশ গতকাল আনুষ্ঠানিকভাবে ভারতের প্রস্তাবে সাড়া দিয়েছে। জানা গেছে, এস এম কৃষ্ণা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করবেন। এর পাশাপাশি আসন্ন শীর্ষ বৈঠকের ঘোষণার বিষয়বস্তু নিয়ে কথা বলবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রস্তুতির অংশ হিসেবে ২০০৯ সালের সেপ্টেম্বরে দিল্লি যান দীপু মনি। ওই সফরের সময় তিনি এস এস কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ঋণচুক্তি, ত্রিপুরার বিদ্যুৎকেন্দ্রের ভারী পণ্য পরিবহনে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি ও সন্ত্রাস দমনে তিনটি চুক্তি সইয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন এবং অপদখলীয় জমি ও ছিটমহল হস্তান্তর, অচিহ্নিত সীমানা নির্ধারণের বিষয়ে চুক্তি সইয়ের বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।মনমোহনের সফরকে কেন্দ্র করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী সালমান খুরশীদ ঢাকায় আসবেন। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগ মুহূর্তে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দেবেন সালমান খুরশীদ ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। জেআরসির বৈঠকে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি চূড়ান্ত হবে বলে জানা গেছে।