৬ জুলাই সকাল থেকে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৬ জুলাই সকাল ছয়টা থেকে ৮ জুলাই সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। আজ রোববার চারদলীয় জোটের এই শরিক দল দুটি পৃথক সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেয়। বেলা দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামও একই কর্মসূচি ঘোষণা করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি, ধর্মীয় অুনভূতিতে আঘাত এবং তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।এ টি এম আজহারুল ইসলাম বলেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা পুনঃস্থাপন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।চার দলের আরও দুই শরিক খেলাফত মজলিস সংবাদ সম্মেলন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই দাবিতে এই ৪৮ ঘণ্টার হরতালের প্রতি সমর্থন জানিয়েছে। তারা এ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানায়।