৬ দফা দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের অনশন
ইন্টার্নশিপ চালুসহ ছয় দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ঢাকা নার্সিং কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে কলেজ ফটকের সামনে প্রতীকী অনশন করছেন। বিকেল চারটা পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে।শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে বৃত্তি বৃদ্ধি, অ্যাপ্রোন পরিধান পুনর্বহাল, বিসিএস ক্যাডারে বিশেষ নার্সিং পদের সৃষ্টি, স্নাতকোত্তর কোর্স চালু ও নার্সিং অনুষদ গঠন। আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু তারা কথা রাখেনি। তাই শিক্ষার্থীরা আবার আন্দোলন কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন। ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ ইরা দিব্রা জানান, শিক্ষার্থীদের দাবির বিষয় সরকারকে জানানো হয়েছে। দাবি পূরণে হয়তো কিছুটা সময় লাগবে।