৬ ফেব্রুয়ারি থেকে বিএনপির তৃণমূল প্রতিনিধি সম্মেলন
বিএনপি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে দেশের ১০টি জেলায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন করবে। সিলেট থেকে এই প্রতিনিধি সম্মেলন শুরু হবে। আজ শনিবার বেলা ১১টার দিকে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ঢাকা, সিলেট, খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বগুড়া ও ময়মনসিংহ—এই ১০ জেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সম্মেলনে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির নেতারা। আর ঢাকা জেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।সম্মেলনে দলের জেলা কমিটির নেতা; উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন না। বক্তব্য রাখবেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও পেশাজীবীরা। পাঁচ বছর আগে ঠাকুরগাঁও থেকে তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছিলেন তারেক রহমান। দলকে চাঙা করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, ইলিয়াস আলীসহ দলের কেন্দ্রীয় নেতারা।