৬ মাসে চট্টগ্রাম বন্দর থেকে ৬৩৬.৭৩ কোটি টাকা রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে চট্টগ্রাম বন্দর থেকে সরকারের ৬৩৬ দশমিক ৭৩ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। মংলা বন্দর একই সময়ে রাজস্ব আয় করেছে ৪৫ দশমিক ৮২ কোটি টাকা।আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির বেগম মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সরকার গত অর্থবছরে এক হাজার ১৫১ দশমিক ৯৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এর আগের অর্থবছরে এ বন্দর থেকে সরকারের এক হাজার ১৩৩ দশমিক ৭২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। মংলা বন্দর থেকে সরকার ২০০৯-১০ অর্থবছরে ৬২.৬০৬৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এর আগের অর্থবছরে সরকার এই বন্দর থেকে ২৯.১৯৮৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে।জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজার এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পটুয়াখালী জেলায় তৃতীয় সমুদ্রবন্দর স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনের সুপারিশ মোতাবেক নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী রাবনাবাদ চ্যানেল পাইলট প্রকল্প হিসেবে বন্দর কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রক্রিয়াধীন এবং এরই মধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি ও বিআইডব্লিউটিএর প্রতিনিধি এই স্থাপনা পরিদর্শন করেছেন।সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের তেলবাহী কোনো জাহাজ নেই। বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য তেলবাহী একটি মাদার ট্যাংকার ও দুটি প্রোডাক্ট ক্যারিয়ার ক্রয়ের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরে এই তিনটি জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে। জাহাজগুলোর সম্ভাব্য ব্যয় ৭৬৮ দশমিক ৪০ কোটি টাকা। বাসস।