৬ মে বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মে বরগুনায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করবেন। বরগুনায় ন্যাশনাল সার্ভিসে নিয়োগের জন্য বেকার যুবক ও যুব মহিলাদের নামের তালিকা দুই মাস আগেই চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী ৬ মে বেলা দুইটায় বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠেয় প্রকল্পটির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরুতে বরগুনা, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে লোক নিয়োগের উদ্দেশ্যে কাজ শুরু হয়। যুব উন্নয়ন অধিদপ্তর জেলার পাঁচটি উপজেলায় ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের সংখ্যা নিরূপণের জন্য একটি জরিপ চালায়। জরিপে দেখা যায়, জেলায় শিক্ষিত ও চাকরির বয়স আছে এমন বেকার যুবক ও যুব মহিলার সংখ্যা হচ্ছে ১৩ হাজার ৯৪ জন।কর্মকর্তারা জানান, এই ১৩ হাজার ৯৪ জনকে কয়েকটি ধাপে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে কাজে নিযুক্ত করা হবে। প্রথম ধাপে এঁদের মধ্যে তিন হাজার ৬০০ জনকে প্রশিক্ষণ দিয়ে কাজে নিয়োগ করা হবে। তিন মাসের প্রশিক্ষণকালে এঁরা প্রত্যেকে দৈনিক ১০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে দুই বছর দৈনিক ২০০ টাকা করে কর্মকালীন ভাতা পাবেন। তবে দুই বছরের কাজের মেয়াদ শেষ হয়ে গেলে এঁরা কী করবেন সে বিষয়ে এই প্রকল্পে নিশ্চিত কোনো নির্দেশনা নেই।