৬ সেপ্টেম্বর থেকে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ
ঈদ উপলক্ষে ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের সঙ্গে বিশেষ লঞ্চ আগামী ৬ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। তবে এই লঞ্চের টিকিট মিলছে না। অনেক কষ্ট করে শত শত লোক সদরঘাট এসে টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। লঞ্চের লোকজন বলছেন, অগ্রিম টিকিট রমজানের প্রথম সপ্তাহে বিক্রি হয়ে গেছে। কেউ আবার বলছেন, কেবিনের অগ্রিম টিকিট বরিশাল থেকে দেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ, ওই সব অজুহাত দেখিয়ে লঞ্চ কর্তৃপক্ষ কালোবাজারে দ্বিগুণ দামে টিকিট বিক্রির ফন্দি আঁটছে।টিকিট কাটতে মিরপুর-১১ থেকে সদরঘাটে আসা কাপড় ব্যবসায়ী মো. মিজানুর রহমান বলেন, ৭ সেপ্টেম্বর তিনি বরিশাল যাবেন। কিন্তু একটি লঞ্চের লোকজন তাঁকে জানান, টিকিট বুকিং দেওয়া হচ্ছে বরিশাল থেকে।তেজগাঁও থেকে আসা দুলাল মিয়া বলেন, ‘আমরা থাকি ঢাকায় বরিশালে গিয়া কীভাবে কেবিন বুকিং দিব। মিথ্যা বলে আমাদের অহেতুক হয়রানি করা হচ্ছে।’ লঞ্চের লোকজন ঈদের দুই-তিন দিন আগে ঠিকই কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি করবে—বলেন দুলাল মিয়া।৯ সেপ্টেম্বর ভান্ডারিয়া যেতে চান ব্যাংক কর্মচারী রোজিনা বেগম। তিনি জানান, একটি লঞ্চের পরিচালক তাঁকে জানিয়েছেন, ৩৭টি কেবিনের সবই বুকিং হয়ে গেছে। মাস্টার কেবিন আছে ভাড়া দুই হাজার টাকা।গাজীপুরের ব্যবসায়ী আ. লতিফ সরকার ৮ অথবা ৯ সেপ্টেম্বর ভোলা যেতে চান। একটি লঞ্চের এক কর্মচারী তাঁকে জানান, দুজনের থাকার সুবিধাসম্পন্ন (ডাবল) কেবিনের ভাড়া আড়াই হাজার ও দুজনের থাকার সুবিধাবিশিষ্ট (সিঙ্গেল) কেবিনের ভাড়া দেড় হাজার টাকা। কেবিনে যেতে হলে পুরো টাকা এখনই পরিশোধ করতে হবে।সরকার-নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে দাবি করে লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (hvc) ভাইস চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন জানান, ৬ সেপ্টেম্বর থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। দক্ষিণাঞ্চলগামী লঞ্চের কেবিনের টিকিট ঢাকা নদীবন্দর থেকেই দেওয়া হয়। যাঁরা বরিশাল থেকে টিকিট নেওয়ার পরামর্শ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন; তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে লঞ্চমালিক সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ঈদের সময় যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।