৬ হাজার হজযাত্রী ফেরেননি, তাঁরা ‘নিখোঁজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে পবিত্র হজ করতে গিয়ে ফিরে আসেননি ছয় হাজার বাংলাদেশি হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয়ের ভাষায়, তাঁরা ‘নিখোঁজ’। জানা গেছে, হজে যাওয়ার নাম করে তাঁরা সৌদি আরবে পাড়ি জমিয়েছেন কাজের সন্ধানে।ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৯১ হাজার ৩৮৩ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে ছয় হাজার ৭২৬ জন সরকারি ব্যবস্থাপনায় আর ৮৪ হাজার ৬৫৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় যান। তাঁদের মধ্যে ৮৪ হাজার ৬৫৮ জন দেশে ফিরে এসেছেন। মারা গেছেন ৯৬ জন। বাকি ছয় হাজার ২৯ জন দেশে ফেরেননি।ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, এসব হজযাত্রীর একটি অংশ রোহিঙ্গা শরণার্থী।সংসদ ভবনে গতকাল বুধবার কমিটির সভায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়। সভা সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া বলেন, যে ছয় হাজার হজযাত্রী দেশে ফেরেননি, তাঁদের বেশির ভাগ বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গেছেন।কমিটির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এত বিপুলসংখ্যক হজযাত্রী দেশে ফেরত না আসার ঘটনা উদ্বেগজনক। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পবিত্র হজের নামে যাঁরা প্রতারণা করেছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে গত দুই বছরেও বেশ কিছু হজযাত্রী হজে গিয়ে আর দেশে ফেরেননি। পরে পুলিশের হাতে ধরা পড়ে তাঁদের অনেকে দেশে ফেরেন। তবে এবার এই সংখ্যাটা অনেক বেশি। তাঁদের তালিকা করা হচ্ছে।কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। কমিটির একজন সদস্য বলেন, রোহিঙ্গারা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেল, তারও তদন্ত হওয়া প্রয়োজন।কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী শাজাহান মিয়া, সাধন চন্দ্র মজুমদার, বজলুল হক, এ কে এম এ আউয়াল ও হাবিবুর রহমান মোল্লা যোগ দেন।