বিশ্বজুড়ে শিল্পায়নের ইতিহাসে যে খাত বেশি আয় করে, সে খাতের কারখানার কর্মপরিবেশ যেমন শ্রমিকবান্ধব হয়, তেমনি জনশক্তির আয় ও সুযোগ-সুবিধা বাড়ে। বাংলাদেশের তৈরি পোশাক খাত এ ক্ষেত্রে ব্যতিক্রম। এই খাতে যত বেশি আয় বাড়ছে, তত বেশি দেশি ও আন্তর্জাতিক আইন এবং নিয়ম ভঙ্গের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে এই খাতের সঙ্গে জড়িত শ্রমিকের ঝুঁকিও সমান্তরাল হারে বাড়ছে। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে গত এক যুগে ছয় হাজার ৪০৬ জন শ্রমিকের কর্মস্থলে মৃত্যু হয়েছে। ২০০০ সালে যেখানে শ্রমিকের এই মৃত্যুর সংখ্যা ছিল ৩০১ জন, সেখানে ২০১২ সালে মৃত্যুর সংখ্যা তিন গুণ বেড়ে ৯০৬টিতে দাঁড়িয়েছে। এঁদের বেশির ভাগই তৈরি পোশাক খাতের শ্রমিক। দেশের তৈরি পোশাকশিল্প প্রতিবছর প্রায় ২০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আনছে। এই খাতের সঙ্গে জড়িত উদ্যোক্তারা বিপুল পরিমাণে অর্থবিত্তের মালিক হচ্ছেন। কিন্তু এর সঙ্গে জড়িত প্রায় ৪০ লাখ শ্রমিকের আর্থিক ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি। একেকটি দুর্ঘটনার পর পর মালিকেরা নানা প্রতিশ্রুতি ও আইনকানুন মানার অঙ্গীকার করেন। কিন্তু এ বিষয়ে আলোচনা থেমে গেলে, মালিকেরা সব ভুলে যান। আর মালিকদের নিয়ম না মানার সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। শ্রমিক মৃত্যুর কারণ হিসেবে দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন ও বিভিন্ন গবেষণা সংস্থা তৈরি পোশাক খাতের মালিকদের নিয়ম না মানাকে দায়ী করে এসেছে। গত নভেম্বরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সবগুলো শিল্প-কারখানায় শ্রমিক-নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হয়েছে, তা অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।সরকারের কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের সব কারখানা পরিদর্শন করে সেখানে শ্রম আইন অনুযায়ী শ্রমিক-নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা আছে তা পর্যবেক্ষণ করা শুরু হয়। পর্যবেক্ষণ শেষ না হলেও একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী এক-তৃতীয়াংশ তৈরি পোশাক কারখানাই শ্রম ও কারখানা আইন না মেনে পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত এই অপরাধে কোনো কারখানার মালিকের শাস্তি হয়নি। শিল্প মন্ত্রণালয়ের হিসাবে দেশে শিল্প-কারখানার সংখ্যা ১৬ হাজার। তৈরি পোশাক কারখানার সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। এর মধ্যে চালু কারখানার সংখ্যা সাড়ে তিন হাজার। কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে মোট দুই হাজার ৩৮১টি কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শনে প্রায় ৯০০ কারখানা পাওয়া যায় যেগুলো শ্রমিক আইন, কারখানা আইন ও ইমারত নির্মাণ বিধিমালা মানছে না। আর কারখানা পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে প্রায় ৩০০টি কারখানা। অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৬২টি কারখানার বিরুদ্ধে শ্রম আইন ২০০৬ অনুযায়ী মামলা করা হয়েছে। আরও ১০০টি কারখানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কারখানাগুলোর বেশির ভাগের বিরুদ্ধে আসা অভিযোগগুলো হচ্ছে, অগ্নিনির্বাপণব্যবস্থা ও জরুরি নির্গমনপথ না থাকা, দুটি সিঁড়ির জায়গায় একটি সিঁড়ি থাকা। সাভারের রানা প্লাজার একটি কারখানার বিরুদ্ধেও গত ৩ এপ্রিল কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে পরিদর্শন করে কারখানা পরিচালনা লাইসেন্স না থাকার কারণে মামলা দেওয়া হয়। আশ্চর্যজনকভাবে ওই ভবনের যথাযথ সরকারি অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখেনি ওই পরিদর্শন দল। এমনকি ওই কারখানাগুলো যে ভবনে গড়ে উঠেছে অর্থাৎ রানা প্লাজার নির্মাণে যথাযথ সরকারি অনুমোদন আছে কি না তা খতিয়ে দেখা হয়নি। কারখানা পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত ও উপপ্রধান পরিদর্শক নিপেন্দ্রনাথ দাস এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংস্থায় মোট পরিদর্শকের সংখ্যা ১৭ জন। এঁদের ওপর ১৬ হাজার কারখানা পরিদর্শনের দায়িত্ব। ফলে চাইলেও আমরা সব কারখানা তদারক করতে পারি না। ফলে কোনো একটি ভবন সঠিকভাবে অনুমোদন নিয়ে নির্মাণ হচ্ছে কি না তা যদি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে তদারক করা হতো, তাহলে আমাদের এ নিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হতো না।’ দেশের তৈরি পোশাক কারখানাগুলোর বেশির ভাগই সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ এলাকায় গড়ে উঠেছে। যার একটি বড় অংশ ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) মধ্যে পড়েছে। বিশেষ করে সাভার ও আশুলিয়ার বড় অংশই ড্যাপের আওতায় রয়েছে। ড্যাপের শর্ত অনুযায়ী ওই এলাকার ভবনগুলো রাজউক থেকে অনুমোদন নেওয়ার কথা থাকলেও বেশির ভাগ ভবনই তা নেয়নি। পদে পদে সরকারি নিয়মের লঙ্ঘন আর সরকারি সংস্থাগুলোর তদারকির অভাবের অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে কিছুদিন পর পর দুর্ঘটনা এবং শত শত শ্রমিকের মৃত্যু।শ্রমিকের বিপক্ষে রাষ্ট্র স্বাধীনতার ৪২ বছরেও আমরা শ্রমিকদের ন্যূনতম বেঁচে থাকার অধিকারটুকু অর্জন করতে পারিনি। তাঁদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মস্থলে মানবিক পরিবেশ নিশ্চিত হয়নি। কোনো দেশে মালিকপক্ষ এমনিতেই তা করে না। এটা নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হয়। আমাদের রাষ্ট্রপরিচালনায় যাঁরা দায়িত্ব পান, তাঁরা শ্রমিকের ভোটে নির্বাচিত হলেও ক্ষমতায় গিয়ে শ্রমিকের স্বার্থ দেখেন না। তাঁরা সব সময় মালিক শ্রেণীর পক্ষে কাজ করেন।এই রাষ্ট্র যে সব সময় শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, সাভারের রানা প্লাজার শ্রমিক গণহত্যা আমাদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মালিকেরা শ্রমিকদের বারবার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আর সরকার শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি দেখভালের দায়িত্ব পালনের অঙ্গীকার করলেও তারা মালিকদের পক্ষেই থেকেছে।মোশরেফা মিশুসাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি