রাজধানীর অদূরে আমিনবাজারের বরদেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় ৬০ আসামির বিরুদ্ধে গতকাল সোমবার অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আগামী ২৫ আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হেলালউদ্দিন এই আদেশ দেন। মামলা থেকে অব্যাহতি চেয়ে ৩৫ জন আসামির করা আবেদনও নাকচ করে দেন আদালত।আদালত অভিযোগপত্রভুক্ত প্রথম ৪০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪/২০১ ধারায় এবং বাকি ২০ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬/৩০৭ ধারায় অভিযোগ গঠন করেন। আদালতে উপস্থিত ৩৫ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।আসামিরা হলেন নিহত ছাত্রদের বিরুদ্ধে করা ডাকাতি মামলার বাদী আবদুল মালেক, সাঈদ মেম্বার, আবদুর রশিদ, ইসমাইল হোসেন, জমশের আলী, মীর হোসেন, মজিবর রহমান, কবির হোসেন, আনোয়ার হোসেন, রজব আলী, সোহাগ, আলম, রানা, হালিম, আসলাম মিয়া, শাহীন আহমেদ, ফরিদ খান, রাজীব হোসেন, হাতকাটা রহিম, ওয়াসিম, সেলিম মোল্লা, সানোয়ার হোসেন, শামসুল হক ওরফে শামছু মেম্বার, রাশেদ, সাইফুল, সাত্তার, সেলিম, মনির, ছাব্বির আহম্মেদ, আলমগীর, আনোয়ার হোসেন, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির, রুবেল, নূর ইসলাম, আনিস, সালেহ আহমেদ, শাহাদাত হোসেন, টুটুল, মাসুদ, নিজামউদ্দিন, মোখলেছ, কালাম, আফজাল, বাদশা মিয়া, তোতন, সাইফুল, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, লেমন, সায়মন, এনায়েত, হায়দার, খালেদ, ইমান আলী, দুলাল ও আলম। আসামিদের মধ্যে পাঁচজন কারাগারে, ৩০ জন জামিনে এবং ২৫ জন পলাতক রয়েছেন। ১৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১১ সালের ১৭ জুলাই পবিত্র শবে বরাতের রাতে নামাজ শেষে মিরপুর মাজার রোডের অদূরে আমিনবাজারে ঘুরতে যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাপল লিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম, মিরপুর বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল, বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র কামরুজ্জামান, তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির এবং তাদের বন্ধু আল আমিন। সেখানে একদল লোক ‘ডাকাত’ আখ্যায়িত করে পিটিয়ে ছয়জনকে হত্যা করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলাও করা হয়। পরে বিচার বিভাগীয় তদন্তে আল আমিনসহ নিহত ছাত্ররা নিরপরাধ প্রমাণিত হয়।ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৩ জানুয়ারি ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে র্যাব।ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা: অভিযোগপত্রে আসামি বেশি উল্লেখ করায় ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন নিহত কামরুজ্জামানের বাবা আবদুল কাদের। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘সেদিন হামলাকারীদের হাত থেকে বেঁচে যাওয়া আল আমিন তার সাক্ষ্যে ১৫-১৬ জনের কথা বলেছিল। সিআইডি ৩০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রের বিরুদ্ধে রিট করা হলে হাইকোর্ট র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। কিন্তু র্যাবও সঠিক তদন্ত না করে ৬০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। প্রকৃত আসামিদের বাঁচাতে মামলাটিতে অধিকসংখ্যক আসামি করা হয়েছে।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনন্দ চন্দ্র বিশ্বাস। আসামিপক্ষে শুনানি করেন মশিহুর রহমান, শিউলী আকতার খান, হাজেরা বেগম ও জামিল আহম্মেদ। নিহত তৌহিদুর রহমানের মা শাহানুর বেগম ও ইব্রাহীম খলিলের মা বিউটি বেগম আদালতে উপস্থিত ছিলেন।