৬০ পেরোনো মানুষের সংখ্যা বাড়ছে
বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও ক্রমান্বয়ে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ছয় শাতংশ মানুষের বয়স ৬০ বছর বা তারও বেশি। প্রধানত গড় আয়ু বাড়ার কারণে ষাটোর্ধ্ব বয়সের মানুষের সংখ্যা বাড়ছে। দেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়লেও তাঁদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা বা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে প্রবীণ মানুষের অবদান অনেক। সমাজ তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। এ বিষয়ে পরিকল্পিত উদ্যোগ নিলে ক্রমবর্ধমান এ জনগোষ্ঠীকে দেশের সম্পদ হিসেবে ব্যবহার করার সুযোগ আছে।‘প্রবীণ জনসংখ্যা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব প্রবীণ দিবস। ৬০ বছরের বেশি বয়সীদের প্রবীণ হিসেবে আখ্যায়িত করছে জাতিসংঘ। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব পালনের বিষয়টি মাথায় রেখে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ১ অক্টোবর দিবসটি পালন করে। এ বছর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি দায়িত্ব পালনের বিষয়টি যুক্ত করা হয়েছে।বিশ্বজুড়ে প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের এক হিসাবে বলা হয়েছে, বর্তমানে প্রতি ১০ জনের একজন ৬০ বছর কিংবা তারও বেশি বয়সের মানুষ। ২০৫০ সালে এ হার গিয়ে দাঁড়াবে প্রতি পাঁচজনে একজন। আর ২১৫০ সালে প্রতি তিনজনে একজনের বয়স ৬০ বছর কিংবা তারও বেশি হবে।সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষেরও গড় আয়ু বাড়ছে, বাড়ছে ৬০ পেরোনো মানুষের সংখ্যা। জাতিসংঘের হিসাবে দেখা যায়, ১৯৭০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৪৪ বছর। পরবর্তী ২০ বছরে গড় আয়ু ১০ বছর বেড়েছে। ১৯৯০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৪ বছর। পরবর্তী ১৬ বছরে অর্থাৎ ২০০৬ সালে গড় আয়ু বেড়ে দাঁড়ায় ৬৩ বছর।বেসরকারি সাহায্য সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) গবেষক ফেরদৌসী বেগম বলেন, জীবনযাত্রার পরিবর্তন, একান্নবর্তী পরিবারে ভাঙনসহ নানা কারণে প্রবীণ মানুষ বৃদ্ধাশ্রম কিংবা পরিবার থেকে দূরে বাস করার পথ বেছে নিচ্ছেন। তা ছাড়া সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুযোগ পান মাত্র ২৫ লাখ বয়স্ক মানুষ।গবেষকেরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়লেও শারীরিক নানা সমস্যাও দেখা দেয়। তাঁদের কর্মক্ষমতা হ্রাস পায়। বেশি বয়সী মানুষের নানা ধরনের সহায়তার দরকার হয়। একসময় যে কাজ একা করতে পারতেন, প্রবীণ বয়সে সে কাজ একা করা সম্ভব হয় না। স্ত্রী, সন্তান বা কাছের কেউ প্রবীণদের সহায়তায় সাধারণত এগিয়ে আসে। কিন্তু অনেকের সে সুযোগও থাকে না।বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক শরীফা বেগম প্রথম আলোকে বলেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় সোয়া কোটি। শহর ও গ্রামে প্রবীণ মানুষের আনুপাতিক হারে পার্থক্য আছে। শহরে মোট জনসংখ্যার সাড়ে সাত শতাংশ এবং গ্রামের ৭ দশমিক ৭ শতাংশ মানুষ প্রবীণ।শরীফা বেগম বলেন, দেশের বয়স্ক এ জনগোষ্ঠী স্বাস্থ্যসহ নানা সামাজিক নিরাপত্তাসুবিধা থেকে বঞ্চিত। জীবনযাত্রার পরিবর্তন, শিথিল পারিবারিক বন্ধনও চিরায়ত মূল্যবোধের পরিবর্তন প্রবীণদের সেবা-যত্ন থেকে বঞ্চিত করছে। তিনি আরও বলেন, ‘আমাদের চিরায়ত সংস্কৃতিতে মূলত নারীরাই প্রবীণদের দেখাশোনা করতেন। কিন্তু প্রয়োজনের তাগিদে তাঁরা পা রাখছেন ঘরের বাইরে। ফলে সে জায়গায় সৃষ্টি হচ্ছে এক বিরাট শূন্যতা।’ প্রবীণদের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকে বিষয়টি এড়িয়ে চলতে চান।গবেষকেরা বলছেন, দেশের প্রবীণ জনগোষ্ঠীর বড় অংশটি খুবই কম উপার্জন করে জীবন কাটায়। এঁদের ছোট অংশটির নামমাত্র কিছু সঞ্চয় থাকে। বাংলাদেশে বৃদ্ধ বয়সের নিরাপত্তায় পেনশন-সুবিধা পেয়ে থাকে ছোট একটি অংশ। শুধু প্রচলিত খাতে কর্মরত মানুষই এ সুবিধা পেয়ে থাকেন। তাই অপ্রচলিত খাতে যুক্ত থেকে যাঁরা জীবিকা নির্বাহ করেন, তাঁদের যেমন অবসরের কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, নেই কোনো পেনশন-সুবিধা। কাজেই যেসব প্রবীণ নিজেদের সীমিত আয়ে জীবনের শেষ সময়টা কাটান, তাঁদের অনেকেই পরিবারের কাছ থেকে সহায়তা পান না। তাঁরা বিড়ম্বনার শিকার হন।বর্তমানে বয়স্ক মানুষের জন্য সামাজিক নিরাপত্তার জন্য তেমন কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেই। জনসংখ্যার আকার, সম্পদের অপ্রতুলতা, দারিদ্র্য, অপর্যাপ্ত স্বাস্থ্যসুবিধা ও সামাজিক নিরাপত্তার অভাব বিবেচনা করলে প্রবীণ জনগোষ্ঠী বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা হতে যাচ্ছে—এমন আশঙ্কা অনেকেরই। যদিও বাংলাদেশ সরকার প্রবীণদের কল্যাণে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৯৭-২০০২) থেকে ‘বয়স্ক ভাতা কর্মসূচি’ চালু করেছে। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে একজন দুস্থ প্রবীণকে ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমান বাজারমূল্যের বিবেচনায় এই সহায়তা অপ্রতুল। এ কর্মসূচির অধীনে সাড়ে ২৫ লাখ প্রবীণ এ সুবিধা পেয়ে থাকেন।তবে প্রবীণ ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। জবাবদিহি ও সঠিক পর্যবেক্ষণের অভাব ছাড়াও স্থানীয় সরকার কর্তৃপক্ষের দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক কারণ প্রবীণ নির্বাচনকে অস্বচ্ছ করে তুলেছে। তাই যাঁদের সত্যিকার অর্থে এ সুবিধা পাওয়ার কথা, তাঁদের বেশির ভাগই এ কর্মসূচির বাইরে থেকে যাচ্ছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণে উন্নতি লাভ করলেও প্রবীণদের কল্যাণে উন্নতি আশানুরূপ হয়নি।সাম্প্রতিক কালে দেশে প্রবীণদের সহায়তায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। এরা মূলত শহরকেন্দ্রিক। এরা মূলত প্রবীণদের আবাসিক সুবিধা দেয়। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দেয়, এমন প্রতিষ্ঠানও ঢাকা শহরে কাজ শুরু করেছে। মানিকগঞ্জে একটি প্রতিষ্ঠান নিম্নবিত্ত প্রবীণদের মধ্যে বিমা চালুর চেষ্টা করছে। তবে সংশ্লিষ্ট সবাই বলছেন, প্রয়োজনের তুলনায় এসব উদ্যোগ অপ্রতুল।জাতিসংঘের একটি সূত্র বলছে, বাংলাদেশে প্রবীণদের নিয়ে তেমন গুরুত্বপূর্ণ কোনো গবেষণা নেই। অনেক জরুরি বিষয় গবেষণার আওতায় আসেনি, যতটুকু হয়েছে, তাও পর্যাপ্ত নয়। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির প্রভাব পড়বে জনমিতি, অর্থনীতি, সমাজ—সব ক্ষেত্রে। তাই এ বিষয়ে ব্যাপকভিত্তিক গবেষণা হওয়া জরুরি। গবেষণার ভিত্তিতে এমন নীতি ও পরিকল্পনা করা দরকার, যার মাধ্যমে পরিবার ও সমাজে প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত হয়।