৬০ বছর বয়সসীমা ড. ইউনূসের জন্য প্রযোজ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্দিষ্ট করার কোনো উল্লেখ নেই। ১৯৯৯ সালে এ পদে তাঁর কাজ চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে। এ ছাড়া বিষয়টি গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ সভায় নিষ্পত্তি হয়। ৬০ বছর বয়সসীমার বিষয়টি গ্রামীণ ব্যাংকের কর্মীদের জন্য প্রযোজ্য, ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জন্য নয়। আজ মঙ্গলবার ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নিয়ে রোকনউদ্দিন মাহমুদ এ কথা বলেন।আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজ করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর আজ দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। কাল বুধবার আবার শুনানি হবে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনের ওপর সকাল সাড়ে নয়টা থেকে ৪৫ মিনিটের বিরতি দিয়ে বেলা একটা ৩৩ মিনিট পর্যন্ত শুনানি হয়।রোকনউদ্দিন মাহমুদ পাকিস্তানের ১৯৬২ সালের সংবিধান নিয়ে বিতর্ক তুলে ধরে বলেন, তত্কালীন আইনমন্ত্রী মঞ্জুর কাদের বলেছিলেন, সংবিধান যদি অগণতান্ত্রিক হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। এ নিয়ে তাঁর স্ত্রী উদ্বিগ্ন হলে তিনি তাঁকে বলেছিলেন, ‘তাঁরা বুঝালেই হবে? আমি না বুঝলেই হলো!’শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, চাকরি বিধি অনুসারে প্রত্যেক কর্মীর অবসর নেওয়ার বয়সসীমা থকে। কর্মী বলতে সব স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী বোঝানো হয়। গ্রামীণ ব্যাংকের এমডি পদে ড. ইউনূসের নিয়োগের ক্ষেত্রে বলা আছে, তিনি নিয়মিত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবে। তিনি আরও বলেন, তাঁকে নোটিশ দেওয়া হয়নি বলে বলা হচ্ছে। কিন্তু ১৯৯৯ সালে বোর্ড সভায় তাঁর বয়স নিয়ে আলোচনা হয়। ২০১০ সালের জুনে তাঁর বয়স ৭০ বছর পূর্ণ হলে তিনি নিজেও অবসরে যাওয়ার কথা বলেন। এ থেকে প্রমাণিত হয়, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত আছেন। একজন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা থাকবে না, এটা হতে পারে না।বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে তৌফিক নেওয়াজ বলেন, যেকোনো ব্যাংকের বিষয়ে নজরদারির ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে। আইন ও বিধি অনুসারে তাঁর অব্যাহতির বিষয়টি বাংলাদেশ ব্যাংক তাঁকে জানিয়েছে। ২০০০ সালের ২৮ জুন তাঁর ৬০ বছর পূর্ণ হয়।ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, হাইকোর্টের আদেশে ভুল ছিল। স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তিনি লিভ টু আপিল মঞ্জুরের আরজি জানিয়ে বলেন, নিয়োগ ও অব্যাহতির ক্ষমতা পরিচালনা পর্ষদের। ড. ইউনূসের আরেক আইনজীবী সারা হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের নয় নারী পরিচালকের পক্ষে একটি রিট করা হয়েছিল। হাইকোর্ট রুল জারি না করে তা খারিজ করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংক কৃষি ব্যাংক, জনতা ব্যাংকের মতো নয়, এটি বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটির নয় নারী পরিচালক এবং তাঁরা শেয়ার হোল্ডার।গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থেকে অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালকের করা দুটি রিট আবেদন গত ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরাসরি খারিজ করে দেন। এর বিরুদ্ধে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস ও নয়জন পরিচালক লিভ টু আপিল করেন। তবে আপিল বিভাগ ৫ এপ্রিল ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন। ওই দিন বিকেলে ইউনূস ওই আদেশ প্রত্যাহার চেয়ে পুনরায় শুনানির আবেদন করেন। পরদিন আদালত শুনানি মুলতবি করার পর গতকাল বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক ৩ মার্চ হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ।