৬০ ভাষাসংগ্রামীকে দেওয়া হবে ‘একুশে স্মারক’
মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের ৬০ জন ভাষাসংগ্রামীকে ‘একুশে স্মারক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পর্যন্ত জাতীয় কোনো পদক পাননি, এমন ৬০ জন ভাষাসংগ্রামীকে আগামী ২০১২ সালে এ পদক দেওয়া হবে। এ জন্য দেশের সব জেলা থেকে তথ্য সংগ্রহ করে ভাষাসংগ্রামীদের একটি প্রকৃত তালিকা করা হবে। সেই সঙ্গে ভাষা আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের সবাইকে মরণোত্তর এবং যাঁরা বেঁচে আছেন, তাঁদের পর্যায়ক্রমে জাতীয় পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত ২৫ জানুয়ারি সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, ‘একুশে স্মারক’ প্রদানসংক্রান্ত প্রস্তাব ও তালিকা তৈরির জন্য একুশে চেতনা পরিষদের সভাপতি আহমেদ রফিককে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির প্রধান আহমেদ রফিক প্রথম আলোকে বলেন, ‘বইমেলা শেষ হলেই আমরা একুশে স্মারক দেওয়ার জন্য তালিকা প্রণয়নের কাজ শুরু করব। ভাষাসৈনিকদের নয়, যাঁরা ভাষা আন্দোলনের সংগঠক ছিলেন, তাঁদের মধ্য থেকে ৬০ জন ভাষাসংগ্রামীকে নির্বাচন করে এ পদক দেওয়া হবে। এ জন্য জেলা পর্যায় থেকে তালিকা চাওয়া হবে।’ এ মাসেই তালিকা তৈরির কাজ শুরু করা হবে বলে জানান তিনি। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবা: ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী জীবিত ভাষাসৈনিকদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে। এ ছাড়া সরকারের সাধ্যমতো সব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরি করা হবে এবং সংরক্ষণ করা হবে। যেসব ভাষাসৈনিক জীবিত আছেন, তাঁদের মধ্যে যদি কেউ সরকারের কাছে আবেদন করেন, তবে তাঁদের যথাযথ আর্থিক সাহায্য ও চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রণালয় থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। ভাষা আন্দোলন জাদুঘর: ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাষা আন্দোলনের জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এর পাশেই থাকবে একটি গ্রন্থাগার। এই জাদুঘরে সার্বক্ষণিক একজন সহায়তাকারী থাকবেন। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে ভাষা আন্দোলনের ইতিহাস-সংবলিত পুস্তিকা রাখা হবে। এ ছাড়া ভাষাশহীদদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তসহ ও ছবিসংবলিত বোর্ড রাখা হবে। ২০১২ সালের মধ্যে এ গ্রন্থাগার নির্মাণের কাজ শেষ হবে।শহীদ মিনারের ভাবগাম্ভীর্য রক্ষা: কেন্দ্রীয় শহীদ মিনারের ভাবগাম্ভীর্য ও মর্যাদা রক্ষায় ওই এলাকায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ভবঘুরে ব্যক্তিদের ঘোরাফেরা বা অসামাজিক কার্যকলাপ না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন থেকে শহীদ মিনারের মূল বেদিতে কোনো ধরনের মিটিং, মিছিল, পদচারণা, আমরণ ধর্মঘট করা যাবে না। তবে ফেব্রুয়ারি মাসে মূল বেদিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন এবং বিশেষ দিনে পুষ্পাঞ্জলি নিবেদন করা যাবে। এ ছাড়া ভাষাসৈনিকসহ জাতীয় ব্যক্তিত্বদের মরদেহ সর্বস্তরের জনগণের সম্মান প্রদর্শনের জন্য মূল বেদি ব্যবহার করা যাবে। তবে মূল বেদির পাদদেশে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে কোনো বাধা দেওয়া হবে না। সভায় জানানো হয়, শহীদ মিনার এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।