৬০ শতাংশের বেশি দম্পতি পরিবার-পরিকল্পনার আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, ‘বর্তমানে দেশের ৬০ শতাংশের বেশি দম্পতিকে পরিবার-পরিকল্পনার আওতায় আনা সম্ভব হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এ অর্জনে সফল হয়েছি, তা দাবি করার উপায় নেই। কেননা শুধু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বাড়ালেই হবে না। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নারীর মৌলিক অধিকার রক্ষার দিকেও নজর দিতে হবে।’রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। জন্মসংখ্যা নিয়ন্ত্রণে দেশের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।ইউএনএফপিএর সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার-পরিকল্পনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি অ্যার্থার এরকেন। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোরশেদ আলম চৌধুরী।অনুষ্ঠানে ২০০১১-১২ অর্থবছরে পরিবার-পরিকল্পনা ও মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য জাতীয়ভাবে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।এ ছাড়া জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা-বিষয়ক শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাত সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন, দৈনিক যুগান্তরের উপসম্পাদক রিতা ভৌমিক, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক এ বি এম বদরুদ্দোজা খান, দ্য ডেইলি সানের মো. তারিক হাসান শাহরিয়ার, একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানের প্রযোজক মানিক শিকদার, বাংলা ভিশনের প্রতিবেদক মো. আবদুর রহমান ও বাংলাদেশ বেতারের উপপরিচালক মো. রোকনুজ্জামান।