৬০ হাজার ভুটানি শরণার্থীকে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে যেসব ভুটানি দেশ ছেড়ে নেপালে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে প্রায় ৬০ হাজার ভুটানিকে গত মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কাজ শুরু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।কাঠমান্ডুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে এসব ভুটানি অহিওতে বাস করবে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এসব ভুটানিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এদের বাইরে প্রায় ১১ হাজার ভুটানি অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, ডেনমার্ক, হল্যান্ড, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে আশ্রয় পেয়েছে। শরণার্থীবিষয়ক জাতিসংঘের হাইকমিশনের তত্ত্বাবধানে ২০০৭ সালে এসব ভুটানিকে তৃতীয় কোনো দেশে আশ্রয় দেওয়ার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৬০ হাজার ভুটানি শরণার্থীকে আশ্রয় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এক লাখেরও বেশি ভুটানি ১৯৯০ সালে নেপালের পূর্বাঞ্চলে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। আদি ভুটানি সংস্কৃতি সংরক্ষণের নামে ভুটান সরকার ‘এক দেশ এক জাতি’ কর্মসূচি হাতে নিয়ে দেশটি থেকে এসব মানুষকে উচ্ছেদ করে।শরণার্থীদের ফেরত পাঠানো বিষয়ে নেপাল ও ভুটান সরকারের মধ্যে বহুবার আলোচনা হলেও ভুটানকে রাজি করানো যায়নি। শেষে এসব গৃহহীন ও নিপীড়িত মানুষকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দিতে সম্মত হয় নেপাল সরকার।