৬১ জেলা পরিষদের নামে গাড়ি কেনা হচ্ছে
সব জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) গাড়ি, দপ্তর, বাসা আছে। তবুও নতুন করে দেশের ৬১টি (তিন পার্বত্য জেলা বাদে) জেলা পরিষদের নামে গাড়ি কেনা হচ্ছে। গাড়িসহ পরিষদে একটি আলাদা দপ্তর সজ্জিতকরণ ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জানা যায়, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের আগে স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন অনুযায়ী সরকার প্রথমে একজন প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিয়েছে। সম্পূর্ণ দলীয় নেতা বা সাংসদদের নিয়োগ দেওয়া হবে এ পদে। আর এসব প্রশাসকের ব্যবহারের জন্য আগেভাগে গাড়ি আর দপ্তরের ব্যবস্থা।এদিকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে। এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন হলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে স্থানীয় সরকার বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়।বিদ্যমান জেলা পরিষদ আইনের ৮২ ধারায় বলা আছে, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার পরিষদের কার্যাবলি সম্পাদনের জন্য একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিতে পারবে। এ ধরনের প্রশাসকের পদমর্যাদা বিধি দ্বারা সরকার নির্ধারণ করতে পারবে। অবশ্য আইন অনুযায়ী চেয়ারম্যানের নেতৃত্বে জেলা পরিষদ গঠন হওয়ার কথা। চেয়ারম্যানের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান। সুযোগ-সুবিধাও প্রতিমন্ত্রীর সমান।সরকারের উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের কথা মাথায় রেখেই সরকার গাড়ি কেনাসহ প্রাসঙ্গিক কিছু কার্যক্রম আগেভাগে শেষ করতে চাইছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের পর তাঁদের গাড়ি ও দপ্তর নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে জটিলতা বিরাজমান। আজও অনেক উপজেলা চেয়ারম্যান তাঁদের গাড়ি পাননি। দপ্তর সজ্জিতকরণসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের কোনো ব্যবস্থাও হয়নি। এ ধরনের জটিলতা যাতে জেলা পরিষদের ক্ষেত্রে না হয়, সে জন্যই আগেভাগে এ ব্যবস্থা।জানা যায়, মন্ত্রিসভার সদস্য নিয়োগে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ রয়েছে। পাশাপাশি অসংখ্য সাংসদ ও দলীয় প্রভাবশালী নেতার ক্ষোভ রয়েছে মন্ত্রিসভায় যোগ দিতে না পারা বা সরকারি উচ্চ কোনো পদ লাভ করতে না পারায়। এ নিয়ে জেলায় জেলায় দলীয় কোন্দল ও ক্ষোভ-অসন্তোষ ক্রমেই বাড়ছে। যার প্রভাব ইতিমধ্যে সমাপ্ত পৌরসভা নির্বাচনে পড়েছে। এ ধরনের প্রতিবেদন সরকারের কাছে রয়েছে। এসব ক্ষোভ প্রশমন করতে সরকার জেলা পরিষদকে ব্যবহারের সুযোগ নিতে চাইছে।সূত্র জানায়, বেশির ভাগ উন্নয়নমূলক কাজও জেলা পরিষদের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে সরকারের। সে ক্ষেত্রে সাংসদ ও উপজেলা পরিষদের জন্য আলাদা করে বছরে এককালীন থোক বরাদ্দ নির্দিষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা চলছে।জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অশোক মাধব রায় প্রথম আলোকে বলেন, গাড়ি, দপ্তর সজ্জিতকরণসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে আগামী বাজেটে ২০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। তবে তিনি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব প্রেরণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে ৬১ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তার কর্তৃত্বাধীনে পরিচালিত হচ্ছে। উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তার সবারই গাড়ি, দপ্তর, সরকারি বাসা রয়েছে।