৬১ জেলা পরিষদের প্রশাসক হলেন আ.লীগ নেতারা
তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতা বলে জানা গেছে। তাঁদের অনেকে জেলা আওয়ামী লীগেরও শীর্ষ পর্যায়ের নেতা।আজ বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রশাসকদের নাম প্রকাশ করে। ১৯৮৮ সালে সাংসদদের জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছিল। তখন তাঁদের উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর জেলা পরিষদে প্রশাসক বা চেয়ারম্যান পদে কেউ ছিলেন না। জনপ্রশাসনের কর্মকর্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এ দায়িত্ব পালন করতেন।সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। জেলা পরিষদ আইন-২০০০ অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করে প্রথম আলোকে বলেন, ‘এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং সুষ্পষ্ট লঙ্ঘন।’সূত্র জানায়, আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হতে পারে। তবে সরাসরি ভোট হবে না। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্যদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। ৬১ জেলা পরিষদের প্রশাসকদের নামের তালিকা