৬১ জেলা পরিষদের প্রশাসক হলেন আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার। তাঁরা প্রত্যেকেই আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতা বলে জানা গেছে। নিয়োগ পাওয়া অনেকেই জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা।গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬১ জেলা পরিষদের প্রশাসকের নাম প্রকাশ করে। ১৯৮৮ সালে সাংসদদের জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়। তখন তাঁদের উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এইচ এম এরশাদের পতনের পর থেকে জেলা পরিষদে প্রশাসক বা চেয়ারম্যান পদে কেউ ছিল না। জনপ্রশাসনের কর্মকর্তারাই এর পর থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এই দায়িত্ব পালন করে আসছেন। সূত্র জানায়, গত বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার অনির্বাচিত ব্যক্তিদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করেন। প্রথম আলোকে তিনি বলেন, এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধান অনুসারে প্রত্যেক প্রশাসনিক একাংশ বা স্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক। সে হিসেবে নির্বাচিত জেলা পরিষদও থাকার কথা। তিনি বলেন, স্বাধীনতার পর কোনো সরকারই নির্বাচিত জেলা পরিষদ গঠন করেনি। এ সরকারও তাই করল।স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসকেরা অনির্বাচিত বলে তাঁদের সরকারিভাবে কোনো পদমর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়নি। জেলা পরিষদের প্রশাসককে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হতে পারে। তবে সরাসরি ভোট হবে না। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর এবং সদস্যদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। ৬১ জেলা পরিষদের চেয়ারম্যানের নাম পঞ্চগড়: মো. আবু বকর ছিদ্দিক, ঠাকুরগাঁও: সাদেক কোরাইশী, দিনাজপুর: আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারী: মমতাজুল ইসলাম, লালমনিরহাট: মতিয়ার রহমান, রংপুর: রেজিনা রাজ্জাক, কুড়িগ্রাম: মে. জে. (অব.) আ ম সা আ আমিন, গাইবান্ধা: সৈয়দ শামসুল আলম, জয়পুরহাট: এস এম সোলায়মান আলী, বগুড়া: ডা. মকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ: মো. মইনউদ্দিন মণ্ডল, নওগাঁ: ফজলে রাব্বী, রাজশাহী: মাহবুব জামাল, নাটোর: সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জ: আ. মজিদ মণ্ডল, পাবনা: মো. সাইদুল হক, মেহেরপুর: মিয়াজান আলী, কুষ্টিয়া: জাহিদ হোসেন জাফর, চুয়াডাঙ্গা: মেজর (অব.) আলিমুজ্জামান জোয়ারদার, ঝিনাইদহ: ওয়াহেদ জোয়ার্দ্দার, যশোর: শাহ্ হাদিউজ্জামান, মাগুরা: সৈয়দ শরিফুল ইসলাম, নড়াইল: সুভাষচন্দ্র বোস, বাগেরহাট: শেখ কামরুজ্জামান, খুলনা: শেখ হারুন অর রশিদ, সাতক্ষীরা: মনসুর আহমেদ, বরগুনা: মো. জাহাঙ্গীর কবির, পটুয়াখালী: মোশাররফ হোসেন, ভোলা: আবদুল মমিন, বরিশাল: ডা. মোবলেসুর রহমান, ঝালকাঠি: সরকার মো. শাহ আলম, পিরোজপুর: মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: মো. ফজলুর রহমান, জামালপুর: মো. শহীদুল্ল্যাহ, শেরপুর: আবদুল হালিম, ময়মনসিংহ: জহিরুল হক, নেত্রকোনা: মতিউর রহমান, কিশোরগঞ্জ: জিল্লুর রহমান, মানিকগঞ্জ: গোলাম মহিউদ্দীন, মুন্সিগঞ্জ: মহিউদ্দিন আহমেদ, ঢাকা: বেগম হাসিনাদৌলা, নরসিংদী: আসাদুজ্জামান, গাজীপুর: আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ: আবদুল হাই, রাজবাড়ী: আকবর আলী, ফরিদপুর: কাজী জয়নাল আবেদীন, গোপালগঞ্জ: কাজী আবদুর রশিদ, মাদারীপুর: মিয়াজ উদ্দীন খান, শরীয়তপুর: মজিবুর রহমান মাস্টার, সুনামগঞ্জ: এনামুল কবির, সিলেট: আবু সুফিয়ান, মৌলভীবাজার: আজিজুর রহমান, হবিগঞ্জ: ডা. এম মুশফিক হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: সৈয়দ এ কে এ এমদাদুল বারী; কুমিল্লা: মো. ওমর ফারুক, চাঁদপুর: লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ফেনী: আজিজ আহমেদ চৌধুরী, নোয়াখালী: ডা. এ বি এম জাফরুল্লাহ, লক্ষ্মীপুর: শাহজাহান কামাল, চট্টগ্রাম: এম এ সালাম, কক্সবাজার: মোশতাক আহমেদ।