৬১ বছর পর
বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে আন্দোলন করার পরিণতিতে বহিষ্কৃত হয়েছিলেন সেদিনের ছাত্র শেখ মুজিবুর রহমান। তারপর বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে। কেটে গেছে ৬১টি বছর। পাকিস্তানি স্বৈরশাসনের ছায়ায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অন্যায় কাজটির প্রতিকার হলো গতকাল শনিবার শিক্ষায়তনটির আজকের প্রশাসনের হাত দিয়ে। বঙ্গবন্ধুর ৩৫তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে গতকাল শনিবার সেই বহিষ্কারাদেশটি তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৯৪৯ সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য আন্দোলন করতে গিয়ে আরও কয়েকজন সহপাঠীর সঙ্গে ছাত্রত্ব হারিয়েছিলেন বঙ্গবন্ধু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকেসহ পাঁচজনকে শর্তসাপেক্ষে ছাত্রত্ব রাখার সুযোগ দিয়েছিল। তবে অনমনীয় তরুণ শেখ মুজিব ওই শর্ত মানেননি। গতকাল শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেটের বিশেষ সভা শুরু হয়। সিন্ডিকেটের ১৭ সদস্যের মধ্যে ১৪ জন উপস্থিত ছিলেন। উপাচার্য বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করেন। এক ঘণ্টা ১০ মিনিট আলোচনার পর কর্তৃপক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।সভার পর উপাচার্য আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মচারীদের ন্যায্য দাবিতে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু সে সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অগণতান্ত্রিক ও অন্যায়ভাবে তাঁকেসহ পাঁচজনকে বহিষ্কার করেছিল। বঙ্গবন্ধু আজ সবকিছুর ঊর্ধ্বে। এ সিদ্ধান্তে তাঁর কিছু হবে না, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন পর দায়মুক্ত হলো।সভার সিদ্ধান্তে বলা হয়, আন্দোলনে অংশ নেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্তকে আজকের সিন্ডিকেট অগণতান্ত্রিক ও ন্যায়বিচারের পরিপন্থী হিসেবে গণ্য করে। সভা মনে করে, কর্মচারীদের আন্দোলনে সমর্থন ও নেতৃত্বদান ছিল শেখ মুজিবুর রহমানের অসাধারণ দূরদর্শী ও জ্ঞানদীপ্ত গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ। এ সভা মনে করে, এ বহিষ্কারাদেশ বহু আগেই প্রত্যাহার করা উচিত ছিল।সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য হারুন-অর-রশিদ, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, শিক্ষাসচিব আতাউর রহমান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন মুহাম্মদ, কলা অনুষদের ডিন সদরুল আমিন, বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস এ ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, আনোয়ার হোসেন, মো. আখতারুজ্জামান, বাহালুল হক চুন্নু, লুৎফুর রহমান, মায়নুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস।