৬১ বিএনপির নেতা-কর্মীর জামিন বাতিল
সিলেটের বিশ্বনাথে হরতালে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ বিএনপি-ছাত্রদলের ৬১ নেতা-কর্মীর জামিন বাতিল করা হয়েছে। আজ বুধবার সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মনজুরুল হক খান তাঁদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠান। বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গত ২৩ এপ্রিল বিশ্বনাথে হরতাল পালন করে বিএনপি। এ সময় হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। তদন্তে বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যানসহ শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে ৮৯ জন আসামি উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান। গতকাল মঙ্গলবার এ মামলায় হাজিরার দিন থাকলেও আসামিরা হাজির হননি। পরে আজ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিশ্বনাথের অলংকরী ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদসহ ৬১ জন হাজির হন। তাঁদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোহাম্মদ শামসুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল আসামিদের নিম্ন আদালতে হাজির হওয়ার কথা ছিল। তাঁরা আদালতের এ নির্দেশনা অমান্য করেন। আজ ৮৯ আসামির মধ্যে ৬১ জন জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।