৬১ ভাগ সড়কই নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ছে। সর্বশেষ হিসাবে দেশের ৫৫ হাজার কিলোমিটার সড়কের অবস্থা নাজুক। এসব পাকা সড়কের বেশ কিছু অংশ এতটাই নাজুক যে নতুন করে নির্মাণ না করলে যানবাহন চলতেই পারবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থাও ভালো নয়। অধিক খানাখন্দের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটের দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।রাজধানী ঢাকার অবস্থা আরও খারাপ। এক হাজার ৮৩৫ কিলোমিটার সড়কের মধ্যে মাত্র ২২ কিলোমিটার সড়কে সংস্কারকাজ চলছে। সেটা অবশ্য ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে। ভাঙাচোরা ও গর্তের কারণে বাকি সড়কগুলো দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।সারা দেশে পাকা সড়ক আছে ৯০ হাজার ২১০ কিলোমিটার। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন ১৮ হাজার ২১০ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৭২ হাজার কিলোমিটার। মহাসড়কসহ দেশের প্রধান প্রধান সড়কগুলো সওজ তথা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।প্রতিবছর কী পরিমাণ সড়ক খারাপ হচ্ছে, কীভাবে তা মেরামত করা হবে এবং কত টাকা খরচ হবে, সে বিষয়ে চাহিদা প্রতিবেদন তৈরি করে সওজের মহাসড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগ। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অধীন ১২ হাজার ৪২৮ কিলোমিটার সড়ক ভাঙাচোরা। এগুলো মেরামত করতে হবে।প্রতিবেদনে সড়কগুলোকে ভালো, চলনসই, নিম্নমানের, খারাপ ও অত্যধিক খারাপ—এই পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫০ কিলোমিটার সড়ক অত্যধিক খারাপ। সওজের কর্মকর্তারা বলছেন, সাধারণত সড়কে বড় বড় গর্ত হলে এবং সেগুলো নতুন করে মেরামত করতে হলে অত্যধিক খারাপ বলা হয়।এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮৫০ কিলোমিটার সড়ক বেশি খারাপ পর্যায়ের এবং শুধু খারাপ রাস্তার পরিমাণ দেড় হাজার কিলোমিটার। এ ছাড়া যেসব সড়ককে ভালো ও মোটামুটি ভালো বলা হয়েছে, সেগুলোও মেরামতের দরকার বলে প্রতিবেদনে বলা হয়।এ ছাড়া এলজিইডির বার্ষিক রক্ষণাবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর প্রায় ৪৩ হাজার কিলোমিটার সড়কে খানাখন্দ আছে এবং কিছু স্থানে গভীর গর্ত রয়েছে। এর মধ্যে তিন হাজার কিলোমিটার এতই খারাপ যে এগুলো নতুন করে নির্মাণ করতে হবে। ১৮ হাজার কিলোমিটার সড়কে ছোট-বড় গর্ত সারাতে হবে। অন্তত ২২ হাজার কিলোমিটার সড়ক সাধারণ মেরামত করতে হবে।দেশের সড়ক যোগাযোগব্যবস্থা এখন খুবই শোচনীয়। সওজ ও এলজিইডির হিসাবে ৬১ দশমিক ১১ ভাগ সড়ক খানাখন্দে ভরা। আওয়ামী লীগের অভিজ্ঞ সাংসদ গত বৃহস্পতিবার সংসদে এ প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, গত দুই বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে কাজের কাজ কিছু হয়নি। সারা দেশে রাস্তাঘাট সব ভেঙে আছে, কোনো সংস্কার নেই। দুই বছর আগে ঢাকা-চট্টগ্রাম রাস্তা চার লেনে উন্নীত করার দরপত্র দেওয়ার কথা মন্ত্রী বললেও কোনো কাজ এখনো শুরু হয়নি। ক্ষুব্ধ কণ্ঠে তোফায়েল আহমেদ বলেন, রাস্তাঘাটের বেহাল দশা দেখে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মন খুবই খারাপ হয়েছে। দেশের জনগণের মনের কী অবস্থা, তা সহজেই অনুমেয়।জবাবে যোগাযোগমন্ত্রী বলেছেন, সড়ক সংস্কারের জন্য গত দুই বছরে তেমন কোনো বরাদ্দ পাওয়া যায়নি।যোগাযোগমন্ত্রী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘এ কথা ঠিক যে রাস্তা খারাপ। আমার এলাকার রাস্তাও খারাপ। তবে আমরা পর্যাপ্ত বরাদ্দ পাইনি। প্রধানমন্ত্রীর মাধ্যমে বিশেষভাবে এক হাজার ৪০০ কোটি টাকার নতুন একটি প্রকল্প নিয়েছি। আগামী সপ্তাহে তা অনুমোদন হয়ে যাবে। প্রকল্প অনুমোদন হওয়ার আশ্বাসের ভিত্তিতে সওজের ৯টি অঞ্চল থেকে মেরামত কাজের দরপত্রও আহ্বান করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে কাজ শুরু হতে দেরি হবে না।’ ছয় মাসের মধ্যে ভাঙা রাস্তা মেরামত হয়ে যাবে বলে জানান তিনি।সওজ বরাদ্দ চেয়ে পায়নি: সূত্র জানায়, সওজ ১২ হাজার ৪২৮ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য তিন হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে মাত্র ২০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। বরাদ্দ বাড়ানোর আবেদন করেও লাভ হয়নি। পরে সড়ক মেরামতের জন্য এক হাজার ৪১০ কোটি টাকার একটি প্রকল্প নেয় সওজ। কিন্তু এটি এখনো অনুমোদন পায়নি।এলজিইডি: দেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৭২ হাজার কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৪৩ হাজার কিলোমিটারে পিচ উঠে গেছে কিংবা খানাখন্দে ভরা। অন্তত তিন হাজার কিলোমিটার সড়ক ভেঙে নতুন করে তৈরি করতে হবে। বাকি প্রায় ৩০ হাজার কিলোমিটার সড়কের স্লোব বা শোল্ডার নষ্ট হয়ে গেছে। এ তথ্য এলজিইডির রক্ষণাবেক্ষণ বিভাগ থেকে পাওয়া গেছে।জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য চলতি অর্থবছরে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছিল এলজিইডি। কিন্তু পাওয়া গেছে মাত্র ৫৭০ কোটি টাকা। রক্ষণাবেক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রওশন কবির প্রথম আলোকে বলেন, এই বরাদ্দ দিয়ে তাদের ৩০ শতাংশ রাস্তা মেরামত করা সম্ভব। অগ্রাধিকার নির্ধারণ করে তাঁরা তা মেরামত করছেন।সরেজমিনে: রাজধানীর আশপাশের সড়কের মধ্যে ঢাকা বাইপাসের ৪৮ কিলোমিটার খানাখন্দে ভরে গেছে। গত বছর সড়কটি চালু হলেও তা টেকেনি। আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের অনেক অংশ দেবে গেছে বা পিচ উঠে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সায়েদাবাদ থেকে কাঁচপুর সেতু পর্যন্ত পুরোটাই গর্তে ভরা। মহাসড়কের মিরসরাই থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কে যানবাহন চলে লাফিয়ে লাফিয়ে।ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে দেশি-বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের চলাচলের পথ মেরামত করা হচ্ছে। কিন্তু দেড় কোটি মানুষের ঢাকা শহরের বাকি অংশের রাস্তা, নর্দমা ও ফুটপাত উপেক্ষিতই রয়ে গেছে। ঢাকায় সিটি করপোরেশনের (ডিসিসি) অধীনে রাস্তা আছে এক হাজার ৮৩৫ কিলোমিটার। এর মধ্যে বিশ্বকাপ উপলক্ষে মাত্র ২২ কিলোমিটার রাস্তা ৫৪ কোটি টাকায় সেনাবাহিনীর অধীনে মেরামত হচ্ছে। বাকি রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেই।সরেজমিনে রাজধানীর উত্তরা, রামপুরা, বনশ্রী, বাড্ডা, নিকুঞ্জ, কুড়িল, খিলক্ষেত, খিলগাঁও, সবুজবাগ, মোহাম্মদপুর, লালমাটিয়া ও মিরপুরের গলিপথগুলো বা অভ্যন্তরীণ রাস্তায় গভীর খানাখন্দ দেখা গেছে। উত্তরা-৪ নম্বর সেক্টরে সব সড়কই ভাঙাচোরা। ওই এলাকার পানি নিষ্কাশনের নালাও নেই। ডিসিসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তা, নর্দমা ও ফুটপাত মেরামতের জন্য ৯০টি ওয়ার্ডের জন্য এবার ৯০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর বেশির ভাগই খরচ করা হচ্ছে কূটনৈতিক পাড়া, মন্ত্রী পাড়া, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশের সড়ক মেরামতে। ফলে অন্য এলাকার রাস্তা-নর্দমা মেরামতে অর্থ পাওয়া যায় না।মূল সড়ক: ঢাকা সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে এক হাজার ৮৩৫ কিলোমিটার রাস্তা আছে। এর মধ্যে মূল সড়ক গাবতলী-যাত্রাবাড়ী, মিরপুর রোড, সায়েদাবাদ-মালিবাগ-রামপুরা-কুড়িল সড়ক ও উত্তরা-গুলিস্তান।ডিসিসির এক কর্মকর্তা জানান, কুড়িল-বিশ্বরোড সড়ক, মিরপুর রোড, বিজয়নগর-সদরঘাট, গাবতলী-সায়েদাবাদ রোড সর্বশেষ মেরামত করা হয়েছিল ঢাকা নগর উন্নয়ন প্রকল্পের অধীনে। প্রকল্পটি ১৯৯৯ সালে শুরু হয়ে ২০০৪ সালে শেষ হয়। এবার বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিমানবন্দর-গুলিস্তান ও মিরপুর থেকে বিজয় সরণি, শেরাটন হোটেলের সামনে থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম পর্যন্ত সড়ক মেরামত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, রামপুরা-বিশ্বরোডের প্রায় পুরোটাই বিভিন্ন স্থান দেবে গেছে। রামপুরা বাজার ও মালিবাগ মোড়সহ বেশ কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল করে লাফিয়ে লাফিয়ে। রাস্তা ক্ষয় হওয়ার কারণে কিংবা দেবে যাওয়াই অনেক ম্যানহোলও সড়কের চেয়ে কয়েক ইঞ্চি ওপরে উঠে গেছে। কিছু স্থানে রাস্তাসহ ম্যানহোলের ঢাকনা দেবে গেছে। মিরপুর-১০ থেকে কচুক্ষেত সড়কের মাঝখানে বড় বড় গর্ত। চিড়িয়াখানা সড়কের ডিভাইডার ও রাস্তা একাকার।ডিসিসির সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বরাদ্দের অভাবে সব রাস্তা মেরামত করা যাচ্ছে না। তিনি জানান, মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকার রাস্তার উন্নয়নে ১৫৩ কোটি টাকার এবং উত্তরা এলাকায় ১৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। কাজও চলছে কিছু স্থানে।