নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, অচিরেই মনোনীত প্রশাসক
৬১টি জেলা পরিষদে ডিসিদের প্রশাসক নিয়োগের পরিকল্পনা
দেশের ৬১টি জেলা পরিষদে জেলা প্রশাসকদের (ডিসি) ‘প্রশাসক’ নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তাঁদের বর্তমান দায়িত্বের অতিরিক্ত হবে এই দায়িত্ব। এদিকে পৌরসভা বিলুপ্ত করে নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। এ সপ্তাহেই একজন যুগ্ম সচিবকে প্রশাসক মনোনীত করে নিয়োগ দেওয়া হবে।মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ডিসিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে সাময়িক। দুই থেকে তিন মাসের জন্য তাঁদের দায়িত্ব দেওয়া হতে পারে। এ জন্য তাঁরা কোনো অতিরিক্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন না।জানা গেছে, জেলা পরিষদের প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে অনুমোদন করেছেন।জেলা পরিষদে জেলা প্রশাসকদের (ডিসি) ‘প্রশাসক’ নিয়োগ-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকারসচিব আবু আলম শহীদ খান প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। অনেক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিসিদের থেকেও জ্যেষ্ঠ। এ রকম ক্ষেত্র চিহ্নিত করা দরকার। এর পরই ডিসিদের প্রশাসক নিয়োগ সম্ভব কি না, তা যাচাই করে দেখতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই মাসে কয়েকটি দেশ সফরে যাবেন। এর মধ্যে তাঁর সম্ভাব্য জেনেভা সফর শেষে দেশে ফেরার পর জেলা পরিষদে প্রশাসক নিয়োগের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিকভাবে সরকারের অনুকূল নয় বলে মনে করা হয়—এমন কর্মকর্তাদেরই বেশির ভাগ ক্ষেত্রে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনেক পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাও রয়েছেন এই পদে। সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটা বড় অংশই জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়। চলতি অর্থবছরে জেলা পরিষদের বরাদ্দের উল্লেখযোগ্য অংশ এ পর্যন্ত ব্যয় করা হয়নি। এ কারণে সরকারের অনুগত বিবেচনা করে আপাতত ডিসিদের জেলা পরিষদের কর্তৃত্বে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।সূত্র জানায়, আগামী অর্থবছরের শুরুতেই রাজনৈতিক নেতাদের ‘প্রশাসক’ নিয়োগের কাজ শেষ করবে সরকার। ইতিমধ্যে জেলায় জেলায় সাংসদদের মাধ্যমে গ্রহণযোগ্য নেতার সন্ধান করা হচ্ছে। একাধিক গোয়েন্দা সংস্থা এই কাজে নিয়োজিত বলে কয়েকটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।বিদ্যমান জেলা পরিষদ আইন অনুযায়ী পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত সরকার এর কাজ সম্পাদনের জন্য একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দিতে পারবে। এ ধরনের প্রশাসকের পদমর্যাদা সরকার বিধি দিয়ে নির্ধারণ করতে পারবে। আইন অনুযায়ী চেয়ারম্যানের নেতৃত্বে জেলা পরিষদ গঠন করার কথা। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের রয়েছে। তবে নির্বাচনই সর্বোত্তম। ডিসিদের দায়িত্ব দেওয়া হলে সরকারি চাকুরেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, যা সরকারের সার্বিক কার্যক্রমকে দুর্বল করতে পারে। নারায়ণগঞ্জ এখন সিটি: এদিকে পৌরসভা বিলুপ্ত করে রাজধানীর অদূরবর্তী নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে উন্নীত করা-সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে।সচিব আবু আলম শহীদ খান প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের ফলে নারায়ণগঞ্জ পৌরসভা এখন বিলুপ্ত। একজন যুগ্ম সচিবকে আপাতত প্রশাসক পদে মনোনীত করা হবে। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তাঁর দায়িত্বের অবসান হবে। অন্য একটি সূত্র অবশ্য জানিয়েছে, বর্তমান পৌর মেয়র সেলিনা হায়াত আইভীকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া হতে পারে।গাজীপুর, কুমিল্লা ও রংপুর পৌরসভাকেও সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক জনসভায় রংপুরকে সিটি করপোরেশন করার ঘোষণা দেন।