৬১টি পণ্যের বাজারসুবিধা নিয়ে আলোচনা চলছে
দীর্ঘদিন ধরেই ভারতের কাছে ৬১টি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। মনমোহন সিংয়ের আসন্ন সফরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চায় বাংলাদেশ। এ বিষয়টি নিয়ে ভারতের নীতিনির্ধারক মহলেও জোর আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় শুল্কমুক্ত বাজারসুবিধার বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। ইতিমধ্যে পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধাসহ দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়াতে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা রাজস্ব, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। সূত্র জানায়, ৬১টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়ে অনেক আগেই বাণিজ্য মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠিয়েছে। এর পর থেকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিশ্লেষণ করছে ভারত। বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিলে কী পরিমাণ রাজস্ব ক্ষতি হবে, পণ্যের ‘রুলস অব অরিজিন’, স্থানীয় মূল্য সংযোজন কত হচ্ছে ইত্যাদি বিষয়ই ভারতের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের দিল্লি প্রতিনিধিকে জানিয়েছেন, ভারত তার স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে বাংলাদেশের জন্য ৪৮টি পোশাক খাতের পণ্য বাদ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশেই উৎপাদিত হয়, এমন পণ্যেই ভারত শুল্কমুক্ত বাজারসুবিধা অনুমোদন করবে, চীন কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংযোজনকৃত পণ্যে নয়। এ ক্ষেত্রে রুলস অব অরিজিন ও স্থানীয় মূল্য সংযোজনের বিষয়টি বিবেচনায় আনা হবে।বাংলাদেশের দেওয়া তালিকায় ট্রাউজার, স্কার্ট, নাইট শার্ট, জিনস, ছেলেদের শার্ট, পায়জামা, সুইমিংওয়্যার, ট্র্যাকস্যুটের মতো তৈরি পোশাকসহ স্টিল রড, বার, আলু, লুব্রিকেন্ট তেল, টয়লেট টিস্যু, ফেসিয়াল টিস্যু ইত্যাদি রয়েছে। এদিকে গত বুধবার ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছে, বাংলাদেশকে ৬১টি পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বস্ত্র খাতের ৪৭টি পণ্য রয়েছে। বিবিসির এই সংবাদটি ভারত ও বাংলাদেশের গণমাধ্যমের অনলাইন সংস্করণে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বিবিসি বলেছে, শুল্কমুক্ত বাজারসুবিধার আওতায় বস্ত্র খাতের পণ্যগুলোর মধ্যে রয়েছে ট্রাউজার, শার্ট, স্কার্ট, ব্লাউজসহ পূর্ণবয়স্ক ও বাচ্চাদের যাবতীয় তৈরি পোশাক। বিবিসির এই সংবাদের সূত্র ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভারতীয় বস্ত্র উৎপাদকেরা তীব্র আপত্তি জানিয়েছেন। ভারতের এই শুল্কমুক্ত বাজারসুবিধা কার্যকর হলে বাংলাদেশকে নির্ধারিত ৬১টি পণ্যে কোনো শুল্ক দিতে হবে না। বর্তমানে স্বল্পোন্নত দেশগুলোর জন্য ভারতের ৪৮০টি স্পর্শকাতর পণ্যের তালিকা রয়েছে। যেসব পণ্যে বিদ্যমান শুল্ক দিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে হয়, বাংলাদেশের ক্ষেত্রে সংশ্ল্লিষ্ট পণ্যগুলো বাদ দেওয়া হবে। এইচএস কোডের ৫০ থেকে ৬২ নম্বর ক্রমিক পর্যন্ত বস্ত্র খাতের পণ্য রয়েছে। আর ভারতের স্পর্শকাতর পণ্যের তালিকার বস্ত্র খাতের ১৫৪টি পণ্য রয়েছে। এ সম্পর্কে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি সুসংবাদ। তবে যেসব পণ্য আমরা এখন তৈরি কিংবা রপ্তানি করি, সেসব পণ্যেই এই বাজার সুবিধা কাজে লাগবে। ভারতের এই সুবিধা কাজে লাগাতে ভবিষ্যতে বাংলাদেশকে সে ধরনের পণ্য তৈরি করতে হবে—এমন চিন্তাভাবনা থেকে এই বাজারসুবিধা দিলে কাজ হবে না।’ বিজিএমইএর সভাপতির মতে, এইচএস কোডে থাকা বস্ত্র খাতের সব পণ্যই বাংলাদেশ তৈরি করে না। কিন্তু বাংলাদেশ তৈরি করে না, এমন বস্ত্র খাতের পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা পেলে কার্যত কোনো লাভ হবে না। ৬১টি পণ্যের তালিকায় কোন কোন পণ্য আছে, তিনি তা জানেন না। বাণিজ্য মন্ত্রণালয়ও বিজিএমইএর সুপারিশ অনুযায়ী তালিকা তৈরি করেনি বলে তিনি অভিযোগ করেন। শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়া হলে তা ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত। প্রথম আলোকে তিনি জানান, ভারতে বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের চাহিদা রয়েছে। বিভিন্ন মেলায় বাংলাদেশি স্টলগুলোতে ভারতীয়দের ভিড় থাকে। তাঁর মতে, শুধু শুল্ক কমিয়ে কিংবা প্রত্যাহার করে পুরোপুরি লাভবান হওয়া যাবে না। এর পাশাপাশি অশুল্ক বাধা, বাণিজ্য অবকাঠামো উন্নয়নসহ একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে না। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান ভারতীয় বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করার ওপর বেশি গুরুত্বারোপ করেন। তিনি প্রথম আলোকে জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা না গেলে এই শুল্কমুক্ত বাজারসুবিধা কোনো কাজে আসবে না। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, শুধু অশুল্ক বাধার কারণে বিভিন্ন বাজারসুবিধা কাজে লাগানো সম্ভব হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে আমদানি-রপ্তানি অনুপাত ৯:১। ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে ৩৮৪ কোটি ডলারের পণ্য আমদানি করেছে আর ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৪১ কেটি ডলারের পণ্য। ভারতীয় পোশাক উৎপাদকদের আপত্তি: বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার আওতায় তৈরি পোশাক অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছেন ভারতের পোশাক উৎপাদকেরা। বাংলাদেশকে এই বিশেষ সুবিধা দেওয়ার সংবাদে ভারতের এপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এপেক) হতাশা প্রকাশ করেছে। ইন্টারনেট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।এপেক চেয়ারম্যান প্রিমাল উদানী জানান, অতীতে কখনোই এভাবে কোনো দেশকে এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। পোশাক উৎপাদন করা নিজেরাই স্পর্শকাতর পণ্য তালিকা থেকে ১৪টি পণ্য বাদ দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু হঠাৎ করেই এই তালিকা থেকে যে পরিমাণ পণ্য বাদ দেওয়ার সংবাদ এসেছে, তা বাংলাদেশ থেকে আমদানি করা তৈরি পোশাকের প্রায় ৮৫ শতাংশ। এতে ভারতের পোশাক উৎপাদন কার্যক্রমে একধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব ডি কে নায়ার বলেন, এতে ভারতের বস্ত্র খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে যারা অপেক্ষাকৃত কম দামের পোশাক উৎপাদন করে। বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধার কারণে ত্রিপুরা ও লুদিয়ানার মতো এলাকার বস্ত্র খাতের ওপর প্রভাব পড়বে। শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি কোটা পূরণ: মেয়াদ শেষ হওয়ার আগেই শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাক রপ্তানির কোটা পূরণ হয়ে গেছে বলে জানা গেছে। এই সুবিধায় ২০১১ সাল থেকে ভারতের বাজারে এক কোটি পিস তৈরি পোশাকের প্রবেশাধিকার ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, জুলাই মাসের মধ্যেই ভারতের দেওয়া নির্ধারিত কোটা শেষ হয়ে গেছে। অর্থাৎ শুল্ক ছাড়াই এক কোটি পিস তৈরি পোশাক রপ্তানি হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় ২০০৯ সালে ভারতের বাজারে প্রথম ৮০ লাখ পিস তৈরি পোশাক রপ্তানির সুযোগ দেওয়া হয়। কিন্তু প্রথম দুই বছর সেই কোটা পূরণ করতে পারেনি তৈরি পোশাক রপ্তানিকারকেরা। এই সুবিধায় ২০০৯ সালে ৩১ লাখ ও ২০১০ সালে ৪৫ লাখ পিস তৈরি পোশাক রপ্তানি হয়েছে। মূলত ভারতের অভ্যন্তরীণ অশুল্ক বাধার কারণে গত দুই বছর এই সুবিধার কোটা পূরণ করা সম্ভব হয়নি। কিন্তু এবার সেই কোটা পূরণ হলো। এই বিষয়ে বিজিএমইএর সভাপতি জানান, ভারতের বিভিন্ন রাজ্যে স্থানীয় পর্যায়ে শুল্ক আরোপ করার পরও বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে।