৬৪ জেলেসহ চারটি ভারতীয় মাছ ধরার ট্রলার কলাপাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কবলে পড়ে উত্তাল সাগরে দিক হারিয়ে ৬৪ জন জেলেসহ চারটি ভারতীয় মাছ ধরার ট্রলার আজ শনিবার বাংলাদেশের জলসীমানায় ঢুকে পটুয়াখালীর কুয়াকাটা ও আলীপুরে আশ্রয় নিয়েছে। ট্রলার ও মাঝিরা এখন কলাপাড়া থানার পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের কবলে পড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় ট্রলারের মত্স্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছেন। ট্রলারগুলোর নাম—এফবি মা লক্ষ্মী, এফবি মা আনন্দময়ী, এফবি অন্নপূর্ণা ও এফবি শংখদ্বীপ। আশ্রয় নেওয়া জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।এফবি মা লক্ষ্মী ট্রলার মাঝি নিখিল দাস জানায়, তাঁরা কাকদ্বীপ থেকে ছয় দিন আগে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যাত্রা করেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে তারা ভারতের উপকূলে ফিরতে চেষ্টা করেন। কিন্তু সাগরে প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো হাওয়ায় দিক হারিয়ে বাংলাদেশের জলসীমায় চলে আসেন। তিনি আরও জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রলারগুলো কুয়াকাটা-সংলগ্ন গভীর সাগরে এসে পৌঁছালে ১৪ জন জেলেসহ এফবি আনন্দময়ী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ অবস্থায় একসঙ্গে থাকা অপর তিনটি ট্রলারে ১৪ জন জেলেকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়। আজ শনিবার ভারতীয় মাঝি ও জেলেরা মত্স্যবন্দর আলীপুরে আশ্রয় নেন। বিকল এফবি মা আনন্দময়ী ট্রলারটিও ভাসতে ভাসতে আজ ভোরে কুয়াকাটা সৈকতে এসে আটকা পড়ে। খবর পেয়ে কুয়াকাটা নৌ-ফাঁড়ি পুলিশ ট্রলারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে আসে। গতকাল সন্ধ্যায় ঝড়ের মধ্যে দিক হারিয়ে ১৫ জন জেলেসহ এফবি নারায়ণ নামে ভারতীয় একটি ট্রলার কলাপাড়ায় এসে পুলিশের কাছে আশ্রয় নেয়। এ নিয়ে গত দুই দিনে ৭৯ জন জেলেসহ ভারতীয় পাঁচটি ট্রলার কলাপাড়া, আলীপুর ও কুয়াকাটায় আশ্রয় নিয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেলেদের তালিকা করে তাঁদের পুলিশ হেফাজতে আনা হচ্ছে।