৬৪ বছর পর বাংলাদেশ-ভারত সীমানার আইনি স্বীকৃতি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশ বিভাগের ৬৪ বছর পর অবশেষে ভারত ও বাংলাদেশ ভূখণ্ডের সীমানার রাজনৈতিক স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের হাইকমিশনাররা গতকাল শনিবার সীমানার ওপর তৈরি মানচিত্রে সই করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানা আইনি রূপ পাচ্ছে। গতকাল সকালে ভূমি জরিপ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার ‘প্রতিভূ’ (সর্বময় কর্তৃত্বপ্রাপ্ত) হিসেবে একটি স্ট্রিপ ম্যাপে (সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র) সই করেছেন। দুই দেশের চার হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের জন্য এ ধরনের এক হাজার ১৪৯টি মানচিত্র তৈরি করা হয়েছে। প্রতিটি মানচিত্রের আটটি কপি করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো মানচিত্রে প্রথমে ঢাকায় ও পরে দিল্লিতে সই হবে। প্রথমে গতকাল শনিবার থেকে শুরু করে ২৬ আগস্ট পর্যন্ত দুই হাইকমিশনার ঢাকায় মানচিত্রগুলোতে সই করবেন। এরপর তাঁরা দিল্লিতে ওই মানচিত্রগুলোতে সই করবেন। আগামী বছরের জুনের মধ্যে সব মানচিত্রে সই শেষ হবে। এরপর মানচিত্রগুলো সমান দুই ভাগে ভাগ করে অর্ধেক অর্ধেক করে দুই দেশের কাছে রাখা হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এক হাজার ১৪৯টি মানচিত্রের মধ্যে ‘প্রতিভূদের’ সইয়ের জন্য এখনই তৈরি রয়েছে এক হাজার ১০২টি। এর মধ্যে ঢাকায় সই হবে ৫৫৪টি মানচিত্র; আর দিল্লিতে সই হবে ৫৪৮টি। মহাপরিচালক আবদুল মান্নান জানান, এক হাজার ১৪৯টি মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গ সেক্টরে ৬২৮টি, ত্রিপুরা সেক্টরে ২৬৯টি, আসাম সেক্টরে ৯৩টি, মেঘালয় সেক্টরে ১৩৯টি ও মিজোরাম সেক্টরে রয়েছে ২০টি। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যের তিন হাজার ৮৩৬ কিলোমিটার সীমানা নির্ধারণের কাজটি করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। আর মিজোরাম রাজ্যের সঙ্গে ৩২০ কিলোমিটার সীমানা নির্ধারণ করেছে সার্ভে অব বাংলাদেশ। দুই দেশের সীমানার এসব মানচিত্রের অর্ধেক তৈরি করেছে বাংলাদেশ। বাকিগুলো তৈরি করেছে ভারত। স্ট্রিপ ম্যাপ বা ‘সূক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র’ সম্পর্কে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, সীমান্ত এলাকার আধা মাইল এলাকার বিশদ তথ্যসংবলিত মানচিত্রকে ‘স্ট্রিপ ম্যাপ’ বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল। মানচিত্র সইয়ের ফল ও তাৎপর্য কী—জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানচিত্রে সইয়ের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। এত দিন এসব সীমানা কার্যত মৌখিকভাবে স্বীকৃত থাকলেও আজ থেকে আইনগত ভিত্তি তৈরি হলো। ফলে সীমান্ত নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর হবে। পাশাপাশি এর মাধ্যমে চুয়াত্তরের স্থল সীমান্ত চুক্তি সইয়ের অনুসমর্থন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।’ চুক্তি সই অনুষ্ঠান: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলনকক্ষে মানচিত্র সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানচিত্রে সইয়ের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিত্তার এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, ভূমিসচিব মোখলেসুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন ও ভারতের বাউন্ডারি সেলের প্রধান মেজর জেনারেল গিরিশ কুমার উপস্থিত ছিলেন। ইতিহাসের পাতা থেকে: ১৯৪৮ সালের ৭-৯ ফেব্রুয়ারি কলকাতার আলীপুর সার্ভে বিল্ডিংয়ে তদানীন্তন পাকিস্তান-ভারত আন্তর্জাতিক সীমানা নির্ধারণে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পি আর দাসগুপ্ত, ডিলএলআর পশ্চিমবঙ্গ ও এম এ মজিদ তদানীন্তন ডিএলআর পূর্ব পাকিস্তানের নেতৃত্বে দুই দেশের আন্তর্জাতিক সীমানা জরিপ ও জরিপকৃত স্থানের মানচিত্র তৈরির পদ্ধতি ঠিক হয়। এরপর শুরু হয় সীমানা নির্ধারণের কাজ। এ সময় থেকেই অপদখলীয় এলাকা, ছিটমহল প্রভৃতি সমস্যা সবার নজরে আসে। মাঠপর্যায় থেকে সরকারপ্রধান পর্যন্ত বিভিন্ন সভা, বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে চার হাজার ১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নির্ধারণের কাজ চলতে থাকে। কিন্তু পাকিস্তান আমলে এ বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ‘স্থল সীমান্ত চুক্তি ১৯৭৪’ সই করেন। এ চুক্তির আলোকে অবশিষ্ট সীমানা নির্ধারণের কাজ এগোতে থাকে। এ ছাড়া সীমানা নির্ধারণের পর যেসব এলাকার সীমান্তের স্ট্রিপ ম্যাপ তৈরি হয়েছে, তা দুই দেশের কারিগরি পর্যায়ের কর্মকর্তার সইয়ের পর ‘প্রতিভূদের’ সইয়ের বিধান দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সর্বশেষ ১০-১১ নভেম্বর ২০১০ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ সীমান্ত কার্যদলের (জেবিডব্লিউজি) চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।‘এখনো যা নিশ্চিত নয়’: ভারতের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় হলে বাংলাদেশের আয়তন ও মানচিত্রে কোনো পরিবর্তন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এসব ভূমির চূড়ান্ত বিনিময় শেষে এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। গতকাল দুপুরে পররষ্ট্রসচিব তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল ভূমি বিনিময় হলে মানচিত্র বদলে যাবে কি না। সম্প্রতি লাতিন আমেরিকার দেশগুলোতে তথ্যানুসন্ধানী মিশনের ফলাফল জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিজারুল কায়েস বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে সরাসরি মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। অপদখলীয় জমি ও ছিটমহল বিনিময়ের ওপর নির্ভর করছে মানচিত্র ও আয়তন পরিবর্তনের বিষয়টি।’ ছিটমহল বিনিময় প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, ‘মানুষের বসতি ঠিক রেখে যদি সীমানারেখা দিতে হয়, তবে হয়তো সীমানারেখা পরিবর্তন করতেও হবে। আবার যদি এমন হয়, প্রচলিত সীমান্তরেখা ঠিক রেখে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে হয়তো আগের সীমানাই থাকবে।’পররষ্ট্রসচিব আরও বলেন, ‘সীমান্তরেখা যদি পরিবর্তন করার প্রশ্ন আসে, তবে চুয়াত্তরের স্থল সীমান্ত চিহ্নিতকরণ চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে। সেটি সময়সাপেক্ষ ব্যাপার।’ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে দৃশ্যত পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা কাজ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মদক্ষতা কমে যাওয়াতেই সরকারকে বিকল্প পথ খুঁজে নিতে হচ্ছে কি না—এ প্রশ্নের উত্তরে পররষ্ট্রসচিব বলেন, ‘ভারতসহ সব দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত নিয়ে কাজ করে থাকে। ভারতের ক্ষেত্রে এর ব্যত্যয় হচ্ছে না। আর আমাদের সৌভাগ্য, কয়েকজন সুযোগ্য ব্যক্তিত্বকে আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পেয়েছি। দুই দেশের সম্পর্কোন্নয়নের জন্য তাঁদের কাজে লাগানো হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে দায়িত্ব পালন করছে।’ মিজারুল কায়েস জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরে ট্রানজিট ও পানি বণ্টনসহ কোন কোন চুক্তি সই হবে, তা আগামী সপ্তাহে জানা যাবে। এ বিষয়গুলো চূড়ান্ত করার জন্য দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন। প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মনমোহন সিং। সংশোধনী: গতকাল শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সীমান্তের মানচিত্র আজ থেকে সই শুরু’ শীর্ষক প্রতিবেদনে ‘ভূমিমন্ত্রী’ রেজাউল করিম হীরার পরিবর্তে ‘ভূমি প্রতিমন্ত্রী’ ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।