৬৪ শতাংশ দুর্ঘটনা মহাসড়কগুলোতে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ডের কাছে মাত্র দশমিক ৭ কিলোমিটার রাস্তায় ১০ বছরে ৪৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে ৪৩ জন, গুরুতর আহত হয়েছে ৫১ জন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, দেশের পাঁচ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের ১৯৩টি ছোট ছোট স্থানে ঘুরেফিরে দুর্ঘটনা ঘটছে।পুলিশের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রতিবছর (২০০০-০৯) প্রাণ হারায় তিন হাজার ৩৭০ জন, আহত হয় প্রায় তিন হাজার। শুধু এ বছরের জুন পর্যন্ত পুলিশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা রেঞ্জে ৮৯২ জন প্রাণ হারায়। পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নেওয়া মোট রোগীর ৫৬ শতাংশ সড়ক দুর্ঘটনার শিকার। বিশ্বব্যাংকের হিসাবে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সাড়ে সাত হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, যা জিডিপির প্রায় দেড় শতাংশ।সূত্র জানায়, দেশে যত দুর্ঘটনা ঘটছে, এর ৬৪ শতাংশ গ্রামাঞ্চলে অর্থাৎ মহাসড়কগুলোতে। কারণ জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক মো. সামছুল হক প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের মহাসড়ক হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, সেগুলো পূরণ হয়নি বলেই এত দুর্ঘটনা। আমরা মহাসড়ক তৈরি করেছি, কিন্তু এর নকশা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ত্রুটি থেকে যাচ্ছে। মহাসড়কে ১০০ কিলোমিটার বেগে চলা যানবাহনের সঙ্গে চলছে ধীরগতির নসিমন, করিমন, ভটভটি। রাস্তার দুই ধারে পথনির্দেশক বোর্ডগুলোর তুলনায় বিলবোর্ডের আধিক্য বেশি, হাটবাজার গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছেন—এমন আরও অসংখ্য কারণ রয়েছে।’দুর্ঘটনাপ্রবণ এলাকা কোনগুলো: বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যত দুর্ঘটনা ঘটছে, এর ৩৫ শতাংশ ঘটে মহাসড়কের মাত্র চার ভাগ দুর্ঘটনাপ্রবণ অংশে। ১ আগস্ট আন্তর্জাতিক সড়ক যাচাইকরণ কর্মসূচি (আইআরপি) এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এন-২ (ঢাকা-সিলেট) ও এন-৩ (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের প্রাথমিক যাচাই ফলাফল উপস্থাপন করে। এ দুটি অন্যতম ঝুঁকিপ্রবণ মহাসড়ক হিসেবে গণ্য হয়। গবেষণায় দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ২২৯ কিলোমিটার রাস্তা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৯০ কিলোমিটার রাস্তায় প্রতিবছর প্রতি কিলোমিটারে মৃত্যুর হার ২ দশমিক ৬।এর বাইরে বুয়েটের এআরআই এ বছরের জুনে দুর্ঘটনাপ্রবণ কিছু এলাকা চিহ্নিত করে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পেশ করেছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ জরিপে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোট ৩১টি স্থান ঝুঁকিপূর্ণ। ১০ বছরে এসব স্থানে ৫৪৪টি দুর্ঘটনা ঘটেছে, মারা গেছে ৫৪০ জন। এই স্থানগুলোর মধ্যে আবার সবচেয়ে বিপজ্জনক নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ড, ফেনী-লক্ষ্মীপুর সংযোগ সড়ক ও মেঘনাঘাট সংযোগ সড়ক। এ ছাড়া রয়েছে বিপজ্জনক কিছু বাসস্ট্যান্ড। দাউদকান্দি, মদনপুর, বরপা বাসস্ট্যান্ডে দুর্ঘটনা ঘটেছে যথাক্রমে ১২, ১০ ও ৯টি; আর প্রাণহানি ঘটেছে ১১, ১০ ও ১৩ জনের। ১০ বছরে ঢাকা-সিলেট মহাসড়কের ১৩টি ঝুঁকিপূর্ণ স্থানে দুর্ঘটনা ঘটেছে ৯০টি, প্রাণ হারায় ১২২ জন। একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কে ১৭টি, নগরবাড়ী-বাংলাবান্ধা মহাসড়কে ২১টি, নগরবাড়ী-রাজশাহী মহাসড়কে ১৫টি, দৌলতদিয়া-ঝিনাইদহ-খুলনা মহাসড়কে ১২টি, ঢাকা-মাওয়া-বরিশাল মহাসড়কে চারটি, যমুনা সেতুর সংযোগ সড়কে পাঁচটি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চারটি, গাজীপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে সাতটি ঝুঁকিপ্রবণ এলাকা আছে। এর বাইরে প্রতিটি মহাসড়কসংলগ্ন বেশ কিছু বাসস্ট্যান্ডকে দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। সওজ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশের মতে, মহাসড়কগুলোয় দুর্ঘটনা ঘটছে প্রধানত রাস্তার মোড়, পথচারী পারাপার, বাসস্টপেজ, লেভেল ক্রসিং, শিক্ষা/ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, সিনেমা হলের কাছে, হাট-বাজার এলাকায়, রাস্তার বাঁকে, সেতু/কালভার্ট এলাকায় ও কলকারখানার কাছে।দুর্ঘটনার সময়: ২৪ জুলাই, ২০১০-এর এক সমীক্ষায় দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে বেলা ১১টায়। ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়ে দুর্ঘটনা বেশি ঘটে। আর এ সময় সবচেয়ে বেশি মানুষ মারা যায়।দুর্ঘটনার কারণ কী?: পুলিশের হিসাবে দেশে যত সড়ক দুর্ঘটনা ঘটছে, এর ৩০ শতাংশের জন্য রাস্তার নকশা, নির্মাণ, রক্ষণাবেক্ষণজনিত ত্রুটি, যানবাহন ১০ থেকে ১৫ শতাংশ, আর বাকি ৬০ ভাগ দুর্ঘটনার জন্য দায়ী অন্যান্য কারণ। কোনো দুর্ঘটনার ক্ষেত্রেও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে যে কারণগুলোর উল্লেখ থাকে, সেগুলো হলো বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী নেওয়া, মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, যানবাহনের ত্রুটি, ত্রুটিপূর্ণ সড়ক, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা, ওভারটেক করার প্রবণতা, চালকের মাদকগ্রহণ, অনুপযুক্ত গাড়ি, বিভিন্ন গতিসম্পন্ন পরিবহন একসঙ্গে চলা, রাস্তা ব্যবহারের নিয়ম না জানা, চালকের বদলে সহকারীকে (হেলপার) দিয়ে গাড়ি চালানো ইত্যাদি।পুলিশের মহাসড়ক বিভাগের উপপরিদর্শক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কে দুর্ঘটনার জন্য অনেক কারণ দায়ী, তবে প্রাথমিকভাবে দায়ী করতে হবে চালককেই। অদক্ষ চালক, অনুপযুক্ত গাড়ি নিয়ে রাস্তায় নামছেন, অতিরিক্ত যাত্রী তুলছেন, প্রচণ্ড বেগে গাড়ি চালাচ্ছেন, রাস্তার ধারে থাকা নির্দেশিকা মানছেন না। তবে শুধু চালকদের দায়ী করলেই চলবে না, গাড়ির মালিকদেরও দায়ী করতে হবে। অদক্ষ চালক কীভাবে গাড়ি চালানোর লাইসেন্স পাচ্ছেন, ত্রুটিপূর্ণ যানবাহনই বা কী করে নামছে, তা-ও খতিয়ে দেখা দরকার। এত অনিয়ম রোধে পুলিশ কী করছে, জানতে চাইলে তিনি বলেন, পুলিশ গতিনিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মহাসড়কগুলোতে যতগুলো চেকপোস্ট থাকা দরকার, ততগুলো নেই।গাড়ির ফিটনেস সনদ, চালকের লাইসেন্স দেওয়া নিয়ে বিআরটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এ সম্পর্কে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান আইয়ূবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএর দায়িত্ব হলো ফিটনেস সনদ, চালকের লাইসেন্স দেওয়া, ভুয়া কাগজপত্র দেওয়া নয়। ভুয়া কাগজপত্র জোগাড় করে রাস্তাঘাটে গাড়ি চালানো হচ্ছে। বিষয়টি দেখার জন্য সম্প্রতি যোগাযোগ মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের সহযোগিতায় আমরা এই অন্যায় রোধ করব। পাশাপাশি আমাদের একটি তদারক দল বাসস্ট্যান্ডগুলোতে থাকবে।’এদিকে গাড়িচালকদের জন্য দুর্ঘটনা ঘটছে—এমন অভিযোগ থাকলেও বুয়েটের এআরআই মনে করছে, রাস্তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ত্রুটি মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। গত ৩১ জুলাই মানিকগঞ্জ-পাটুরিয়া-আরিচা সংযোগস্থলে যে দুর্ঘটনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ কুটিরশিল্প সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান মারা যান, এর অন্যতম কারণ ছিল মহাসড়কের ত্রুটি। ওই দুর্ঘটনার পর এআরআই যে প্রতিবেদন দাখিল করেছে, তাতে বলা হয়, মানিকগঞ্জের দিক থেকে মানিকগঞ্জ-পাটুরিয়া-আরিচা জংশনের দিকে তাকালে এটিকে জংশনের পরিবর্তে একটি সোজা রাস্তা বলে মনে হয়। বিলবোর্ডের উপস্থিতি পাটুরিয়ার সংযোগ সড়কটিকে দৃষ্টির আড়ালে ফেলে দেয়। সংযোগস্থলে দিকনির্দেশনার সাইন, সড়ক-সংকেত কিছুই ছিল না। ফলে চালক দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। বিভ্রান্তিকর জংশনে যান দুটির অবস্থানগত ত্রুটি ও দ্রুতগতির সঙ্গে বাঁক নেওয়ার সময় বাস ও জিপটির জংশনের ভেতরে মুখোমুখি সংঘর্ষ ঘটে।সওজের প্রকৌশলীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও সওজের সড়ক নিরাপত্তা বিভাগের প্রধান মো. ইতরাত যাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘যত দুর্ঘটনা ঘটছে, এর মাত্র ৩০ শতাংশের জন্য দায়ী নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও নকশার ত্রুটি। তবু আমরা দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। এর অংশ হিসেবে ইতিমধ্যেই আমরা মানিকগঞ্জের উথলিতে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।’