৬৫ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মাদক, চোরাচালানের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২১৮ প্রার্থীর মধ্যে ৬৫ জনের বিরুদ্ধে এক থেকে সর্বোচ্চ ৩১টি পর্যন্ত মামলা আছে। এঁদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাচালান, সন্ত্রাস, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অন্তত তিনজন প্রার্থী রয়েছেন, যাঁরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।নাগরিক সমাজের প্রতিনিধি, সাধারণ ভোটার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও চোরাচালান এখানে বড় নাগরিক সমস্যা। নির্বাচনে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে শঙ্কা কাজ করছে। ইতিমধ্যে কিছু কিছু ওয়ার্ডে এসব প্রার্থীর পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর বাদে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৬৯ জন। সব মিলিয়ে কাউন্সিলর প্রার্থী ২৮৭ জন।জানতে চাইলে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত প্রথম আলোকে বলেন, কুমিল্লার রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে আছে। মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকেরা কাউন্সিলর পদে জয়ী হলে এ সমাজে পচন ধরবে। তাই নির্বাচন কমিশনসহ সবাইকে বিতর্কিত প্রার্থীদের ব্যাপারে ভোটারদের সচেতন করতে হবে।তালিকাভুক্ত সন্ত্রাসী: কুমিল্লা শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আকছিরুল বাশার ওরফে সোহাগ নগরের ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে চলতি বছরের ১০ জুন আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক এ কে এম মশিউল আলম হত্যা, জবরদখল, দ্রুত বিচার, বিস্ফোরক দ্রব্য আইন, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩১টি মামলা আছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সাত নম্বর সন্ত্রাসী। গতকাল সোমবার দুপুরে তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন।আকছিরুল বাশার গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে করা সব মামলা মিথ্যা। ১০ বছর কাউন্সিলর হিসেবে আছেন। খারাপ লোক হলে মানুষ তাঁকে ভোট দিত না।ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা শহরের (উত্তর) সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া। তিনি ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি পুলিশের ২৪ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে আটটি মামলা রয়েছে।কুমিল্লা শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার, সন্ত্রাস ও টেন্ডারবাজির অভিযোগে থানায় তিনটি মামলা আছে। অভিযোগ রয়েছে, চারদলীয় জোট সরকারের আমলে তিনি কুমিল্লার স্থানীয় সরকার বিভাগ ও জেলা পরিষদ কার্যালয়ের দরপত্র নিয়ন্ত্রণ করতেন। পুলিশের তালিকায় তিনি ১০ নম্বর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নির্বাচনে কালোটাকা ছাড়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বীরা। একাধিক মামলার আসামি: ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কুমিল্লা শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। গতকাল সোমবারও হানিফ নামে তাঁর এক আত্মীয়কে মাদকদ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। দেলোয়ার হোসেন দাবি করেন, তিনি কখনোই মাদকের ব্যবসা করেন না। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাই মাদকের ব্যবসা করেন। হানিফ তাঁর আত্মীয় নন বলেও দাবি করেন তিনি।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, হানিফ দেলোয়ারের ভাগনে। দেলোয়ার ওই এলাকার মাদক ব্যবসার পৃষ্ঠপোষক।২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সহ-সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দাঙ্গাসহ খুনের মামলা ছিল। তাঁর বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগে টেন্ডারবাজির অভিযোগ রয়েছে।নগরের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা সরকার মাহমুদ জাবেদ। তাঁর বিরুদ্ধে ১৪টি মামলা ছিল। সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভা ও জেলা পরিষদের দরপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি। একই সঙ্গে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে কুমিল্লার রেসকোর্সে জায়গা দখলের অভিযোগ আছে।সরকার মাহমদু জাবেদ দাবি করেন, ‘পৌরসভার সাবেক চেয়ারম্যানের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এলাকার উন্নয়নে কিছু কাজ হয়েছে। দরপত্র নিয়ে সমস্যা অন্য ঠিকাদারেরা করেছেন। আমি করিনি।’ রেসকোর্সের জায়গা দখলের বিষয়ে তিনি বলেন, যিনি জায়গা দখলের অভিযোগ করেছেন, তিনিই পরে তাঁর কাছ থেকেই ওই জায়গা কিনে নিয়েছেন। তাহলে দখল হয় কীভাবে? ১২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পাটওয়ারী। তাঁর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। সব মামলা বিচারাধীন। চারদলীয় জোট সরকারের আমলে টেন্ডারবাজি ও মাদক ব্যবসায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। পুলিশের সন্ত্রাসী তালিকায় তাঁর নাম আগে থাকলেও এখন নেই।ওই ওয়ার্ডের একাধিক ভোটার জানান, চারদলীয় জোট সরকারের আমলে তেলিয়া পুকুরপাড়ে প্রকাশ্যে হেরোইনসহ মাদকদ্রব্য বিক্রি করতেন তিনি।জানতে চাইলে ফেরদৌস পাটোয়ারী বলেন, ‘জনগণ কইলে কিছু করার নাই। আমরা উল্টা মাদক ব্যবসা বন্ধ করছি। পিট্টা-টিট্টা দৌড়াইছি মাদক ব্যবসায়ীদের।’১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম মাসুক। তাঁর বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি ও এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে। একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল হালিমের বিরুদ্ধে মারামারি ও জালিয়াতির অভিযোগে তিনটি মামলা রয়েছে।১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম খানের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধেও এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কার্তিক চন্দ্রের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা রয়েছে। কুমিল্লা শহর (উত্তর) জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিদিনই কুমিল্লায় পাঁচ থেকে সাতটি মাদকের মামলা হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তাঁরা জামিন নিয়ে প্রার্থী হয়ে থাকতে পারেন। সন্ত্রাসী ফারুক গ্রেপ্তার: কুমিল্লার কোতোয়ালি মডেল থানার তালিকাভুক্ত ৮৫ নম্বর সন্ত্রাসী ফারুক ওরফে ঘাড়বাঁকা ফারুককে (৩২) গতকাল সোমবার বেলা ১১টায় নগরের ধর্মপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবৈধ অস্ত্রধারী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। একটি হত্যা মামলায় জামিনে ছিলেন তিনি। ফারুকসহ ১১ দিনে ছয়জন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।