৬৫ কেন্দ্রের ৪৭টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ প্রায় ৭০ শতাংশ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সূত্র জানায়, স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী না থাকা এবং এসব প্রার্থীর বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী লালনের অভিযোগ থাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা এত বেশি।এই নির্বাচনে একাধিক শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। এর আগে বিভিন্ন নির্বাচনে এসব কেন্দ্রের অনেকগুলোতে মারামারি, ব্যালট বাক্স ছিনতাই ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এ জন্য এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।মেয়র পদপ্রার্থীদের ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুলে, সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক হোচ্ছামিয়া হাইস্কুলে, জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম ইসলামপুর ইসলামিয়া আদর্শ বিদ্যালয়, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুলে, একই দলের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান অশোকতলা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেবেন। এই পাঁচ প্রার্থীর কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছে কমিশন। এসব কেন্দ্রে সংশ্লিষ্ট প্রার্থীরা একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।এ ছাড়া আফজল খানের ছোট ছেলে আরমান খান ও ভাতিজা জুয়েল খান কোতোয়ালি মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁরা সদর দক্ষিণ এলাকায় আফজল খানের পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। ঠাকুরপাড়া এলাকার তুহিন খান, রাজীব খান ও দীপ খান তালিকাভুক্ত সন্ত্রাসী। সে জন্য আফজল খানের বাড়ির আশপাশের কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।তথ্যানুসন্ধানে জানা গেছে, জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ ১৯৮৯ সালের পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তখন কালিয়াজুরি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চকবাজার আলিয়া ইসলামিয়া মাদ্রাসাকেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে বোমাবাজিসহ সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় বোমায় কালিয়াজুরি কেন্দ্রে পৌর ওয়ার্ড কাউন্সিলর আকছিরুল বাশারের (সোহাগ) হাত উড়ে যায়। তিনি সদর কোতোয়ালি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। এবারও তিনি ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী। কলেজশিক্ষক হত্যা মামলায় তিনি কারাবন্দী ছিলেন, গত সপ্তাহে ছাড়া পেয়েছেন।২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন ছোটরা মালেকা মমতাজ বালিকা স্কুলকেন্দ্রের ভোটার। তিনিও তালিকাভুক্ত সন্ত্রাসী।গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, চানপুর এলাকার মনজুরুল আলম, ভাটপাড়ার বিশাল, রেইস কোর্সের পিচ্চি সুমন, পূর্ব বাগিচাগাঁওয়ের রুবেল, উত্তর চর্থার সাইফুল ইসলাম, শিক্ষা বোর্ড এলাকার মনির হোসেন, নজরুল এভিনিউর ফকরুল ইসলামসহ অন্তত ২০ জন তালিকাভুক্ত সন্ত্রাসী নির্বাচনের সুযোগে এখন সক্রিয়।পুলিশ জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনা ঘটে। মুন্সেফ কোয়ার্টার এলাকার কাজী জামান ওই ঘটনায় অস্ত্র সরবরাহ করেন বলে অভিযোগ আছে। জামানও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হকের অনুসারী।তবে মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কোনো অস্ত্রবাজ নেই। জনতাকে নিয়েই নির্বাচন করছি।’জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়াও যারা ভোটকেন্দ্রে এবং কেন্দ্রের আশপাশে সহিংসতা করতে পারে, তাদের প্রতি আমাদের নজরদারি রয়েছে। প্রশাসন কঠোর হাতে এদের দমন করবে।’নির্বাচন কমিশনের প্রস্তুতি: ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা ঠিক রাখতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসার থাকবে ১২ জন করে। এ ছাড়া লাঠি হাতে আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকবে ১২ জন। কেন্দ্রের আশপাশে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পাঁচজন পুলিশের একটি দল ভোটকেন্দ্রে সার্বক্ষণিক পাহারায় থাকবে। এ ছাড়া প্রায় আড়াই হাজার র‌্যাব ও আর্মড পুলিশ নিয়োজিত থাকবে।ইভিএম: রিটার্নিং কর্মকর্তা জানান, ২৭টি ওয়ার্ডে ৬৫ কেন্দ্রের ৪২১টি কক্ষে ৪২১টি ইভিএম মেশিন বসানো হবে। মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন।