৬৫তম বাফটার সাতটি পুরস্কার জিতল ‘দি আর্টিস্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় লন্ডন রয়্যাল অপেরা হাউসে ব্রিটিশ ফিল্ম একাডেমি পুরস্কারের ৬৫তম আসরে বসেছিল তারার মেলা। চলচ্চিত্রের খ্যাতিমান কলাকুশলীদের মর্যাদাপূর্ণ এই আসরে বারবার উঠে আসছিল শিল্পী হুইটনি হিউস্টনের চিরবিদায়ের শোকগাথা।শোকের এ আবহের মধ্যেই পরিচালক মাইকেল হাজানাভিসিয়াসের নির্বাক, সাদা-কালো ছবি ‘দি আর্টিস্ট’ জিতে নিল সেরা ছবি, পরিচালক, অভিনেতা, সংগীত, সেরা স্ক্রিপ্টসহ বাফটার সাত সাতটি পুরস্কার। গোল্ডেন গ্লোবের ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে পুরস্কার তিন, বাফটায় ১২টি বিভাগে মনোনয়নপ্রাপ্তির পর পুরস্কারের সংখ্যা সাত।এ মাসের শেষে কোডাক থিয়েটারে অস্কার আসর, তার আগে চমত্কার মহড়াই দিল অস্কার দৌড়ে আগুয়ান ‘দি আর্টিস্ট’। পরিচালক হাজানাভিসিয়াস প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ছবিতে কোনো কথাবার্তা নেই, স্ক্রিপ্টও নেই—এমনটা ভেবেছেন অনেকে। ছবিটি এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পাবে কল্পনাতেও আসেনি!’এদিকে ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, গ্রে ওল্ডম্যানকে পেছনে ফেলে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘দি আর্টিস্ট’-এর অভিনেতা জ্যঁ দুজারদিন আর সেরা অভিনেত্রীর ব্যাপারে অনেকটা নিশ্চিতই ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের চরিত্রে ‘দি আয়রন লেডি’ মেরিল স্ট্রিপের পুরস্কার পাওয়ার বিষয়টি। অনেকবার বাফটা মনোনয়ন পেলেও ৩০ বছর পর দ্বিতীয়বারের মতো সেরার পুরস্কার জিতলেন ৬২ বছর বয়সের খ্যাতিমান এই অভিনেত্রী।অন্যান্য পুরস্কারের মধ্যে সেরা ব্রিটিশ চলচ্চিত্র (থিংকার টেইলর সোলজার স্পাই), সেরা পার্শ্ব অভিনেতা ক্রিস্টোফার পলমার (বিগেইনার), সেরা পার্শ্ব অভিনেত্রী অক্টাভিয়া স্পেনসার (দ্য হেল্প), তথ্যচিত্র বিভাগে সেরা (সেইনা), পেডি কনসিডাইন (ব্রিটিশ পরিচালক) ও ডিয়ামিন স্ক্রিমসো (ব্রিটিশ প্রযোজক)। সেরা ভিনদেশি ছবি (দ্য স্কিন আই লিভ ইন), অ্যানিমেটেড ছবি (রাঙ্গো), সেরা ভিজ্যুয়াল ইফেক্ট (হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ পার্ট টু) প্রভৃতি।