জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সাল থেকে ২০০১ সালের বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া ৬৫০ জনের নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আবু জাফর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার এ রুল জারি করেন। শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারসহ আট বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই সময়ে নিয়োগে নিয়োগ প্রক্রিয়া যথাযথ না হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন রিট আবেদনটি করেন। আজ আবেদনটির ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লুত্ফর রহমান। পরে তিনি প্রথম আলো ডট কমকে বলেন, ওই সময়ে দুইজন শিক্ষকসহ প্রায় ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয়নি, সিলেকশন বোর্ডের সুপারিশও নেওয়া হয়নি। এর বিরুদ্ধে রিটটি করা হলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।