ঢাকা-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত নসরুল হামিদ সাংসদ হিসেবে ৪ নম্বর ন্যাম ভবনের ৭০৪ নম্বর ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন। কিন্তু ওই ফ্ল্যাটে তিনি থাকেন না। থাকেন তাঁর এলাকা কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ। দেড় বছর ধরে শাহীন আহমেদ সপরিবারে থাকছেন এখানে। আর সাংসদ নসরুল হামিদ থাকেন তাঁর বারিধারার বাসভবনে।জানতে চাইলে শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ঢাকায় তাঁর থাকার সমস্যার কথা বিবেচনা করেই সাংসদ নসরুল হামিদ তাঁকে এখানে থাকার সুযোগ দিয়েছেন। তবে সাংসদ প্রায়ই এখানে আসেন।সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেনের নামে বরাদ্দ ফ্ল্যাটে থাকেন তাঁর পিয়ন নীরব। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের নামে বরাদ্দ ১ নম্বর ন্যাম ভবনের ৯০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তাঁর এলাকার বন্ধু আলমগীর আর তুফান। কীভাবে সাংসদদের ফ্ল্যাটে তাঁরা বসবাস করছেন, তা বলতে চাননি আলমগীর।অন্তত ৬৬ জন সাংসদ ন্যাম ভবনে নিজের নামে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে থাকেন না। থাকেন তাঁদের গাড়িচালক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিংবা ব্যক্তিগত কর্মকর্তা। আত্মীয়স্বজনের মধ্যে আছেন ভাই-বোন-নাতি-শ্যালক, আছেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকও।প্রসঙ্গত, ৩৪৫ জন সাংসদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে ২৬৬ জনকে। তবে যেসব সাংসদ মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন, তাঁদের জন্য আলাদা বাড়ির ব্যবস্থা রয়েছে।সংসদ কমিটির আবাসিক উপকমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শেষে এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করা হয়, যা পরে উপকমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। এর আগে গত ৫ মে উপকমিটির ষষ্ঠ বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা অনুসারে এসব বাসায় সাংসদদের স্বামী-স্ত্রী, তাঁর ওপর নির্ভরশীল মা-বাবা-ছেলে-মেয়ে বসবাস করতে পারবেন। সাংসদদের পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ এসব ফ্ল্যাটে থাকতে পারবেন না। তবে বিশেষ ক্ষেত্রে সাংসদদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংসদ কমিটি বিশেষ বিবেচনায় এ ব্যাপারে অনুমতি দিতে পারবে। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো আবেদন কমিটিতে আসেনি। কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সাংসদেরা এসব ফ্ল্যাটে অন্যদের থাকতে দিয়েছেন।চট্টগ্রামের সাংসদ সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মোশাররফ হোসেনের সরকারি ফ্ল্যাটে থাকেন তাঁর গাড়িচালক। ২ নম্বর ন্যাম ভবনের এই ৯০২ নম্বর ফ্ল্যাটে শুরু থেকেই সাংসদের গাড়িচালক সপরিবারে বাস করছেন। সেখানে গিয়ে জানতে চাইলে গাড়িচালক বলেন, বাসা পাহারা দেওয়ার জন্য তাঁকে এখানে রাখা হয়েছে। নিজের নাম বলতে রাজি হননি তিনি।ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমানের নামে ১ নম্বর ন্যাম ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাটটি বরাদ্দ। সেখানে সপরিবারে থাকেন তাঁর শ্যালক পিন্টু।একইভাবে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের নামে বরাদ্দ ১ নম্বর ন্যাম ভবনের ৯০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তাঁর শ্যালক মনসুর আলী।অবশ্য সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, শ্যালক থাকলেও ফ্ল্যাটটি তাঁরই। দেখাশোনা করেন শ্যালক।সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহিদা তারেকের ২ নম্বর ভবনের ১০১ নম্বর ফ্ল্যাটে থাকেন সাইফুল ইসলাম ও ইমরান মিয়া নামের দুই ব্যক্তি। সাংসদ মাঝেমধ্যে এখানে আসেন বলে জানান ইমরান মিয়া।কুমিল্লা-৩ আসনের বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ন্যাম ফ্ল্যাটের বাসায় থাকেন তাঁর ব্যক্তিগত সহকারী রাসেল আহমেদ। কায়কোবাদ বা তাঁর পরিবারের কেউ সেখানে কখনো থাকেননি। গত ছয় মাসে এ ফ্ল্যাটে একবারের জন্যও তিনি আসেননি বলে জানান রাসেল।কায়কোবাদ চিকিৎসার জন্য বিদেশে আছেন দীর্ঘদিন থেকে। তাঁর পরিবার থাকে খিলগাঁওয়ের নিজস্ব বাসায়।জামায়াতের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের ফ্ল্যাটে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মো. বাবুল সপরিবারে থাকছেন। সাংসদ থাকেন পুরানা পল্টনের বাসায়।কুড়িগ্রামের সাংসদ মাইদুল ইসলামের বাসায় থাকেন তাঁর ভাই, সংরক্ষিত নারী আসনের বেগম তহুরা আলীর ফ্ল্যাটে থাকেন তাঁর ভাতিজি, সালমা ইসলামের ফ্ল্যাটে থাকেন তাঁর ছোট বোন, আমিনা আহমেদের ফ্ল্যাটে থাকেন তাঁর নাতি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মূলত সাংসদদের ফ্ল্যাটে বহিরাগত লোকজন থাকেন বলে সংসদ কমিটির কাছে খবর আসার পর কমিটির পক্ষ থেকে সরেজমিন তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ৬৬টি ফ্ল্যাটে সাংসদেরা থাকেন না, তাঁরা ঠাঁই দিয়েছেন বাইরের লোকজনকে। তদন্ত কমিটির প্রতিবেদনটি প্রথম আলোর কাছে রয়েছে।সংসদ কমিটি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ১৫ দিনের মধ্যে এসব ফ্ল্যাট খালি করার নির্দেশনা দিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ প্রথম আলোকে বলেন, অবৈধ বসবাসকারীদের ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংসদদের বলা হয়েছে। অবৈধভাবে কেউ সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে থাকতে পারবেন না। প্রয়োজনে কমিটি কঠোর ব্যবস্থা নেবে।এর আগে গত ১৬ জুন সংশ্লিষ্ট সাংসদদের সংসদ সচিবালয় থেকে সতর্ক করা হয়। তাঁদের চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে এসব ফ্ল্যাট খালি করতে বলা হয়। কিন্তু তিন মাসেও সংশ্লিষ্ট সাংসদেরা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। কমিটির দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ সহকারী সচিব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব দেন।সংসদ সচিবালয়ের প্রতিবেদন অনুযায়ী, সংসদ থেকে বরাদ্দ করা ফ্ল্যাটে নিজে বা নিজের পরিবারের পরিবর্তে অন্যদের থাকতে দিয়েছেন যেসব সাংসদ, তাঁদের মধ্যে রয়েছেন শেরপুরের এ কে ফজলুল হক, জামালপুরের মুরাদ হাসান, কুষ্টিয়ার কে এম রশীদুজ্জামান, রাজশাহীর আবদুল ওয়াদুদ, বরগুনার গোলাম সবুর, বরিশালের মজিবর রহমান সরোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার লুৎফুল হাই, ময়মনসিংহের আমানউল্লাহ, মাগুরার সিরাজুল আকবর, কুড়িগ্রামের এ কে এম মাইদুল ইসলাম, নীলফামারীর কাজী ফারুক কাদের, সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেন, সিলেটের মাহমুদুস সামাদ চৌধুরী, বরিশালের মনিরুল ইসলাম, রংপুরের আবুল কালাম আজাদ, টাঙ্গাইলের মতিউর রহমান, বরিশালের গোলাম কিবরিয়া, কুমিল্লার নাসিমুল আলম চৌধুরী, কক্সবাজারের হামিদুর রহমান আযাদ প্রমুখ।